বীরভূমে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় গতকাল সোমবার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
বীরভূমের পাড়ুই থানার মাকড়া গ্রামে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গতকাল সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। আগ্নেয়াস্ত্র, বোমা, দা-কুড়াল, লাঠিসোঁটা নিয়ে এক পক্ষ হামলা চালায় আরেক পক্ষের ওপর। হামলাকারীরা বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে। তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে নিহতরা হলেন তৌফিক শেখ, শেখ সোলেমান ও মোজাম্মেল শেখ।
নিহত তৌফিকের বড় ভাই সংবাদমাধ্যমকে বলেছেন, তাঁরা আগে তৃণমূল করতেন। তবে তৃণমূলের অত্যাচার সহ্য করতে না পেরে তাঁরা বিজেপিতে যোগ দেন। কিন্তু গ্রামে বিজেপির উত্থানকে মেনে নিতে পারছিল না শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই গ্রামের দখল নিতে তৃণমূলই বহিরাগতদের নিয়ে এই হামলা চালিয়েছে।
বিজেপিও দাবি করেছে, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতকারীরা এই হামলা চালিয়েছে। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে হামলার দায় বিজেপির ওপর চাপিয়েছে।