বীরভূমের দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা
বীরভূমের রামপুরহাট মহকুমার বাকটুই গ্রামে গত সোমবার রাতে স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ বোমা হামলায় নিহত হওয়ার জেরে পুরো বাকটুই গ্রাম এখন অগ্নিগর্ভ। গ্রাম ছেড়ে পালিয়েছে বহু মানুষ। এখন খাঁ খাঁ করছে গোটা এলাকা। চারদিকের বাতাসে এখনো ছড়িয়ে রয়েছে পোড়া গন্ধ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নৃশংস হত্যাকাণ্ডকে মেনে নিতে পারেননি। তীব্র প্রতিবাদ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড়া পাবে না। বাকটুইয়ে অন্যায় হয়েছে। দোষীরা ছাড় পাবে না, সে যে দলেরই হোক না কেন? তিনি আরও বলেছেন, বাকটুইয়ের ঘটনা রাজনৈতিক রং দিয়ে তদন্ত করা যাবে না। তদন্ত হবে নিরপেক্ষ। তাই মমতা নিজের চোখে ঘটনাস্থল দেখার জন্য আজ বৃহস্পতিবার দুপুরে বীরভূম জেলার রামপুরহাট মহকুমার বাকটুইয়ে যাবেন। তিনি যাবেন রামপুরহাট হাসপাতালেও।
প্রশাসনিক বৈঠক করবেন রামপুরহাট সার্কিট হাউসে। যদিও পশ্চিমবঙ্গের রাজ্য কংগ্রেসের সভাপতি সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে আজ দুপুরেই কংগ্রেসের একটি প্রতিনিধিদলের বাকটুইয়ে যাওয়ার কথা। এ ছাড়া বিজেপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলেরও বাকটুইয়ে যাওয়ার কথা রয়েছে।
গতকাল বুধবার বিকেলে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ ও বিধায়কদের একটি প্রতিনিধিদল নিয়ে বিকেলে বাকটুইয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরই বিজেপির প্রতিনিধিরা বাকটুই গ্রামেই অবস্থান ধর্মঘটে শামিল হন।
শুভেন্দু অধিকারী এখানে বলেন, এ ঘটনার তদন্ত করাতে হবে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ এবং সিবিআই দিয়ে। বিস্ফোরণের ঘটনার তদন্ত করবে এনআইএ এবং হত্যার ঘটনার তদন্ত করবে সিবিআই। এ দাবি নিয়ে শুভেন্দু অধিকারী ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার কাছে চিঠি দিয়েছেন। শুভেন্দু আরও বলেছেন, পশ্চিমবঙ্গের পুলিশের ওপর তাদের কোনোও আস্থা নেই। তিনি অভিযোগের সুরে বলেন, আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাকটুইয়ে আসছেন বীরভূম গণহত্যার প্রমাণ লোপাটের জন্য। গতকাল বামফ্রন্টের নেতা বিমানবসুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাকটুইয়ে এসেছে। তাঁদেরও পুলিশ ঢুকতে বাধা দিয়েছিল।
এদিকে বীরভূম গণহত্যার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা করেছেন গতকাল মঙ্গলবার। সেই মামলার গতকাল শুনানি হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। সেখানে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুনানি শেষে জানিয়ে দেন, রাজ্যকে প্রথম সুযোগ দেওয়া হলো তদন্তের। আজ বৃহস্পতিবার বেলা দুইটায় পুলিশকে এ হত্যাকাণ্ডের রিপোর্ট ও কেস ডায়েরি জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। নির্দেশে আরও বলা হয়, বাকটুই হত্যাকাণ্ডস্থল মুড়ে দিতে হবে সিসিটিভি ক্যামেরা দিয়ে। সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাক্ষীর নাম লেখা যাবে না। ভিডিও চিত্রের মাধ্যমে ময়নাতদন্ত করতে হবে। এই ভিডিও চিত্র পেশ করতে হবে হাইকোর্টে।
হাইকোর্টের এই শুনানিতে কেন্দ্রীয় সরকারের আইনজীবী হাইকোর্টকে জানিয়ে দেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রস্তুত রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। আদালত আদেশ করলেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে ঘটনাস্থলে। হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছেন, ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করতে হবে দিল্লির ফরেনসিক বিভাগের কর্মকর্তাদের। অবিলম্বে তাঁদের ঘটনাস্থলে এসে সংগ্রহ করতে হবে নমুনা।
বীরভূম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে। ওই ২০ জনকে গতকাল রামপুরহাটের মহকুমা বিচার বিভাগীয় আদালতে হাজির করা হলে বিচারক ১০ জনকে ১৪ দিনের পুলিশি হেফাজত দিয়েছেন। বাকি ১০ জনকে জেল হেফাজতে পাঠিয়েছেন।
প্রসঙ্গত, গত সোমবার রাত থেকে ওই এলাকায় তাণ্ডব চালায় মৃত তৃণমূল নেতা ভাদু শেখের অনুসারীরা। রাতেই ওই গ্রামের ১০টি বাড়িতে আগুন লাগানো হয়। এ আগুনে পুড়ে ভস্মীভূত হয় ওই সব বাড়ি। ওই ধ্বংসস্তূপ থেকে প্রথম দিন তিনটি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার সকালে ওই গ্রাম থেকে উদ্ধার হয় আরও সাতটি দেহ। একটি বাড়িতেই মিলেছে দেহগুলো। ফায়ার সার্ভিস বলেছে, সব মিলিয়ে ১০টি দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে আটটি। এর মধ্যে রয়েছে দুটি শিশু ও ছয় নারীর দেহ। পুলিশ আরও বলেছে, ঘটনার পর ওই এলাকা থেকে সন্দেহভাজন ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।