বুথ ফেরত আগাম ফল মানছে না বিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন নিয়ে গত সোমবার প্রকাশিত বুথফেরত সমীক্ষার ফলাফল প্রত্যাখ্যান করেছে রাজ্যের বিরোধী দলগুলো। ওই সমীক্ষার প্রতিটিতেই ইঙ্গিত দেওয়া হয়, বিপুল ভোটের ব্যবধানে ক্ষমতায় আসছে তৃণমূল। বাড়ছে তাদের ভোট। সমীক্ষায় এও ইঙ্গিত দেওয়া হয়, গত লোকসভা নির্বাচনের তুলনায় এবার কমবে বিজেপির ভোট। আসনও কমবে বিজেপির। ক্ষমতায় যেতে পারছে না বাম-কংগ্রেস জোট।
তবে বুথফেরত সমীক্ষার ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধী বাম-কংগ্রেস জোট এবং বিজেপি। আমল দেয়নি শাসক তৃণমূল কংগ্রেসও। সবাই তাকিয়ে আছে বৃহস্পতিবারের ফলাফল ঘোষণার দিকে। বিরোধী বাম-কংগ্রেস জোট বলেছে, এর আগে বহু বুথফেরত সমীক্ষার ফলাফল মেলেনি। বাম-কংগ্রেস জোট নেতারা বলেছেন, তাঁরা মনে করছেন এবার ক্ষমতায় আসছে বাম-কংগ্রেস জোটই। এই জোট রীতিমতো অঙ্ক কষে নিশ্চিত হয়েছে ভোটে জিততে চলেছে বাম-কংগ্রেস জোট।
বুথফেরত সমীক্ষার একটিতে এ-ও বলা হয়েছে, বিজেপি একটির বেশি আসন পাচ্ছে না। কেউই বিজেপিকে পাঁচটির বেশি আসন দেয়নি। তবে রাজ্য বিজেপিও বলেছে, তারা মানছে না সমীক্ষা। তারা বলেছে, কম করে জিততে চলেছে ১০টি আসনে।
গত বছরের বিহারের নির্বাচনে বুথফেরত সমীক্ষায় বলা হয়েছিল, জিতছে বিজেপি। কিন্তু ফল হয়েছিল উল্টো। জিতেছিল নিতীশ-লালু আর কংগ্রেসের জোট।
এদিকে গতকাল বুথফেরত সমীক্ষার ফলাফল ঘোষণার পরই রাজ্যব্যাপী শুরু হয়েছে রাজনৈতিক হানাহানি। বর্ধমান ও হাওড়ায় বাম জোটের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ হয়েছে। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এক সিপিএম সমর্থককে গতকাল অপহরণ করে হত্যা করা হয়েছে। নিহত সিপিএম কর্মী নির্মল মণ্ডলের মৃতদেহ গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে।
বর্ধমানের ভাতারে সিপিএম-তৃণমূল সংঘর্ষে তিনজন সিপিএম কর্মী গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই ঘটনা ঘটেছে বর্ধমানের মোহনপুর, সোনা পলাশীতে। সেখানে সিপিএমের সমর্থকদের বাড়িঘরে হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। হাওড়ার বিভিন্ন স্থানেও আজ সিপিএম-তৃণমূল সংঘর্ষ হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ির রাজগঞ্জে সিপিএম-তৃণমূল সংঘর্ষে দুই সিপিএম কর্মী আহত হয়েছেন।