বুথফেরত জরিপে বিজেপি এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার উত্তর প্রদেশের বিধান সভা নির্বাচনের শেষ ধাপের ভোটে কেন্দ্রে ভোটারদের লাইন। বারানসী, উত্তর প্রদেশ, ভারত
ছবি: এএনআই

ঠিক দুদিন আগে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা দাবি করেছিলেন, পাঁচ রাজ্যের মধ্যে যে চারটিতে বিজেপি ক্ষমতায় রয়েছে, প্রতিটিতেই তারা আরও একবার সরকার গড়বে।

সোমবার সন্ধ্যায় উত্তর প্রদেশের শেষ পর্বের ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যতগুলো বুথফেরত জরিপের ফল প্রকাশিত হলো, প্রায় প্রতিটিই দেখাচ্ছে আসনসংখ্যা কমে গেলেও উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, গোয়া ও মণিপুরে বিজেপি আবার সরকার গড়তে চলেছে। যে রাজ্য জেতার স্বপ্ন বিজেপি দেখেনি, দাবিও করেনি, সেই পাঞ্জাবে শাসক কংগ্রেসকে অনেক পেছনে ফেলে এগিয়ে গেছে আম আদমি পার্টি (আপ)।

সেই দিক থেকে বিচার করলে ১০ মার্চ ফল ঘোষণার দিন বুথফেরত জরিপের নির্যাস সত্য প্রমাণিত হলে বলতে হবে, দিল্লির বলয় পেরিয়ে জাতীয় রাজনীতিতে বড় শক্তি হিসেবে উদয় হতে চলেছে আম আদমি পার্টি। জাতীয় নেতৃত্বের অন্যতম দাবিদার হতে চলেছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল।  

বুথফেরত জরিপ অনেক সময় যেমন মিলে যায়, বহু সময় তেমন ধারকাছ দিয়েও হাঁটে না। তবু প্রতিটি নির্বাচনে ফল বেরোনোর আগে বুথফেরত জরিপ প্রকাশের ঝুঁকি বহু সংস্থা নিয়ে থাকে।

যে সংস্থাগুলো বুথফেরত জরিপের ফল প্রকাশ করল, তাদের অধিকাংশই উত্তর প্রদেশে বিজেপিকে এগিয়ে রেখেছে। ‘ইটিজি রিসার্চ’ বিজেপি জোটকে দিয়েছে ২৩০ থেকে ২৪৫ আসন, সমাজবাদী জোটকে (এসপি) ১৫০ থেকে ১৬৫ আসন, বহুজন সমাজ পার্টিকে (বিএসপি) ৫ থেকে ১০ এবং কংগ্রেসকে ২ থেকে ৬ আসন। ‘নিউজ ১৮ পাঞ্জাব–পি মার্ক’ বিজেপিকে দিয়েছে ২৪০, এসপিকে ১৪০, বিএসপিকে এবং কংগ্রেসকে ৪টি। ‘নিউজ এক্স–পোলস্টার্ট’ এবং ‘টিভি ৯ ভারতবর্ষ–পোলস্টার্ট’ দুই সংস্থাই বিজেপিকে দিয়েছে ২১১ থেকে ২২৫টি আসন, এসপিকে ১৪৬ থেকে ১৬০। বিএসপিকে তারা দিয়েছে ১৪ থেকে ২৪টি আসন।

যতগুলো জরিপের ফল প্রকাশিত হয়েছে, তার ভিত্তিতে ‘পোল অব একজিট পোলস’ দেখাচ্ছে, আসনসংখ্যা আগেরবারের তুলনায় প্রায় ১০০ কমে গেলেও শেষ পর্যন্ত বিজেপি ২২৮ আসন পেয়ে সরকার গড়বে। ৪০৩ আসনবিশিষ্ট বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ২০২ আসন। গতবার তাদের দখলে ছিল ৩২৫ আসন।

জরিপের ফল মিলে গেলে বলতেই হবে এবারের এই ভোট কংগ্রেসের পক্ষে তেমন স্বস্তিদায়ক হচ্ছে না। পাঞ্জাব তাদের হাতছাড়া হচ্ছে। সীমান্তবর্তী এই রাজ্যে প্রবলভাবে উঠে আসতে চলেছে আপ। আট সংস্থার জরিপেই দেখা যাচ্ছে আপ ওই রাজ্যে কংগ্রেসকে অনেক পেছনে ফেলে দিয়েছে। ১১৭ আসনের বিধানসভায় তাদের ১০০ আসন দিয়েছে ‘নিউজ ২৪’। ‘ইন্ডিয়া নিউজ’ দিয়েছে সবচেয়ে কম, ৩৯ থেকে ৪৩ আসন।

একমাত্র এই সংস্থার বিচারেই পাঞ্জাবে ত্রিশঙ্কু বিধানসভা হতে চলেছে। কিন্তু বাকিরা সবাই বলছে, কারও সাহায্য ছাড়াই সরকার গড়বে আপ। কংগ্রেস হবে প্রধান বিরোধী দল। আট সংস্থার জরিপের গড় করে ‘পোল অব একজিট পোলস’ দেখাচ্ছে আপ পাবে ৬৭ আসন, কংগ্রেস ২৫, অকালি দল ২১টি আসন। এই ফল সত্য হলে বলতে হবে, জয়ের মুখ থেকে কীভাবে হার ছিনিয়ে নিতে হয় পাঞ্জাবে কংগ্রেস তা দেখাল। আট মাস আগেও যে রাজ্য দখল তাদের প্রায় নিশ্চিত ছিল, দলীয় কোন্দল তা তুলে দিল আপ এর হাতে!

অবশ্যই কংগ্রেসের কাছে এই ফল চিন্তার। কারণ, পাঞ্জাব হাতছাড়া হলে তাদের অধীনে থাকবে আর মাত্র দুটি রাজ্য। রাজস্থান ও ছত্তিশগড়। পাঞ্জাব হারালে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে দলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করবে। ডিসেম্বর মাসে সাংগঠনিক নির্বাচনে তার প্রভাব পড়বে। জি–২৩ গোষ্ঠী নতুনভাবে সক্রিয় হয়ে উঠবে। পাঞ্জাব কংগ্রেসের হাতছাড়া হলে বিজেপির কংগ্রেসবিরোধিতার মাত্রাও বেড়ে যাবে।

কংগ্রেসকে পাঞ্জাব হতোদ্যম করলেও গোয়া ও উত্তরাখন্ড কিন্তু পাশার দান বদলে দিতে পারে। দুই রাজ্যেই বিজেপির সঙ্গে সমানে টক্কর দিচ্ছে কংগ্রেস। চার সংস্থার জরিপ দেখাচ্ছে, উত্তরাখন্ডে কংগ্রেস ক্ষমতায় আসছে, পাঁচ সংস্থার মতে বিজেপি। ‘পোল অব একজিট পোলস’ অনুযায়ী ৭০ আসনের বিধানসভায় বিজেপি পাচ্ছে ৩৫টি আসন, কংগ্রেস ৩২টি। আপ এই রাজ্যেও তেড়েফুঁড়ে নেমেছিল। কিন্তু তারা পাবে ১টি আসন।
উত্তরাখন্ডের মতো গোয়াও কংগ্রেসের মুখরক্ষা করতে পারে। এই ছোট রাজ্যেও লড়াই ক্ষুরধার। গতবার কংগ্রেস গোয়ায় সবচেয়ে বেশি (১৭) আসন পেলেও সরকার গড়ার ক্ষেত্রে বিজেপির চাতুর্যের কাছে হেরে গিয়েছিল। এবার পোল অব একজিট পোলস অনুযায়ী বিজেপি ও কংগ্রেস দুই দলই পেতে পারে ১৬টি করে আসন। ৪০ আসনের বিধানসভায় বাকি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩টি, অন্য স্থানীয় দল ৫টি।

মণিপুর বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে কংগ্রেস এবার তেড়েফুঁড়ে নেমেছিল। কিন্তু বুথফেরত সব জরিপই দেখাচ্ছে, ওই রাজ্যে আরও একবার বিজেপি ক্ষমতাসীন হতে চলেছে। ৬০ আসনে বিধানসভায় ৩০ আসন পেতে পারে তারা। কংগ্রেস ১৪। অন্যরা ১৬ আসন।

ভারতের নির্বাচনী মানচিত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশ। এই রাজ্য দখলে থাকলে দিল্লিতে কেন্দ্রীয় সরকার গঠন সুবিধাজনক হয়। দুই বছর পর লোকসভা ভোট জিততে বিজেপি তাই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে উত্তর প্রদেশে। সেখানে শতাধিক আসন কমে গেলে শাসক দলের চিন্তা বাড়াবে দুটি বিষয়। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় তাদের আসন কমে যাবে।

উত্তর প্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখন্ড থেকে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে রাজ্যসভায় খালি হবে মোট ১৯টি আসন। এদের সিংহভাগ কমে যাওয়ার অর্থ গুরুত্বপূর্ণ বিল পাস করানোর ক্ষেত্রে রাজ্যসভায় অন্য দলের ওপর নির্ভরতা বেড়ে যাওয়া। জাতীয় স্তরে ইতিমধ্যে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, ওয়াইএসআর কংগ্রেস ও বিজু জনতা দল বিভিন্ন কারণে বিজেপির বিরোধিতা শুরু করেছে। তবে তার আগে বিজেপির বড় পরীক্ষা জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচন। রাজ্যসভা এবং পাঁচ রাজ্য বিধানসভায় আসন কম পেলে পছন্দসই প্রার্থীকে জেতাতে বিজেপিকে বাড়তি মেহনত করতে হবে। বিজেপি কিছুতেই চাইবে না, ২০২৪ সালের আগে রাষ্ট্রপতি ভবনে তাদের বিরুদ্ধে যেতে পারেন এমন কেউ বসুন।

উত্তর প্রদেশে বিজেপির শতাধিক আসন কমে গেলে জাতীয় রাজনীতিতে তার বড় প্রভাব অবশ্যই পড়বে। বুথফেরত জরিপ ঠিক হলে জাতীয় রাজনীতিতে প্রবলভাবে উঠে আসবেন অখিলেশ যাদব ও অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুজনের সম্পর্কই মধুর। লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্য গড়ার প্রচেষ্টা সে ক্ষেত্রে নতুন গতি পেতে পারে।

প্রধানমন্ত্রীর তীব্র বিরোধী বলে যাঁরা পরিচিত, জাতীয় স্তরের সংবাদমাধ্যমকে তাঁরা অনেক দিন ধরেই ‘গোদি মিডিয়া’ (অনুগত) বলে ডাকছেন। যে সংস্থাগুলো বুথফেরত জরিপ করেছে, অধিকাংশই এ বিশেষণে ভূষিত সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। জরিপ ও বাস্তবের অমিল দেখা দিলে বলতেই হবে কাপ ও ঠোঁটের ফাঁক গলে অনেক সময় চা চলকে যায়। উত্তর প্রদেশ, উত্তরাখন্ড ও গোয়ায় তেমন কিছু ঘটলে বিজেপি তথা প্রধানমন্ত্রীর কপালের ভাঁজ গাঢ় হতে বাধ্য।