বুদ্ধিজীবীদের জ্ঞান দিলেন মন্ত্রী

ভারতের কেন্দ্রীয় শহর উন্নয়ন মন্ত্রী এম ভেঙ্কইয়া নাইডু বলেছেন, ভারতীয়দের রক্তে বংশানুক্রমে সহনশীলতা রয়েছে। বুদ্ধিজীবীদের উচিত ‘বিচ্ছিন্ন ঘটনাকে’ গতানুগতিক ধারার মধ্যে না ফেলা। এটা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
কিছু লেখক ও গণমাধ্যমের প্রতি ইঙ্গিত করে গতকাল রোববার এসব কথা বলেন নাইডু। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতে সার্বিক অসহিষ্ণুতা বেড়ে যাওয়ার অভিযোগ তুলে সম্প্রতি দেশটির প্রায় অর্ধশত লেখক-সাহিত্যিক সরকারি-বেসরকারি পুরস্কার ও সম্মাননা ফেরত দেন। এ নিয়ে ভারতজুড়ে তুমুল রাজনৈতিক বিতর্ক চলার মধ্যে নাইডুর কাছ থেকে এমন প্রতিক্রিয়া এল।
নাইডু বলেন, কিছু দুঃখজনক ঘটনার ব্যাপারে বুদ্ধিজীবীরা নিন্দা জানাতে পারেন। কিন্তু তা করার সময় তাঁদের উচিত দেশের ভাবমূর্তির কথা মাথায় রাখা।
কারও নাম উল্লেখ না করে ভারতের কেন্দ্রীয় শহর উন্নয়ন মন্ত্রী বলেন, ‘কিছু মানুষ দেশে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনাকে (সহিংসতা) সাধারণ ঘটনার মধ্যে ফেলার চেষ্টা করেন। তাঁরা এটাকে অতিরঞ্জিত করার চেষ্টা করেন। তাঁরা এমনটা প্রচারের চেষ্টা করেন যে, দেশে সহিষ্ণুতার মাত্রা নেমে গেছে। এটা দেশের জন্য অসম্মান বয়ে আনবে। আমরা ঘটনার নিন্দা জানাতে পারি, কিন্তু দেশের নয়।’
নাইডু বলেন, ‘এখন আমরা দেশে একটা নতুন প্রবণতা দেখছি। তাঁরা (বুদ্ধিজীবী) বলেন, দেশে সহিষ্ণুতা কমে গেছে। বিশ্বে ভারতই একমাত্র দেশ, যেখানে সহিষ্ণুতা আছে। শতভাগ না হলেও অন্তত ৯৯ ভাগ।’
সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য কিছু লেখকদের উপদেশ দেন মন্ত্রী। তাঁর অভিযোগ, কিছু মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচারণা চালাচ্ছেন।
আরও পড়ুন:
সম্মাননা ফেরত দিলেন ৪১ লেখক