বুদ্ধের শৈশব কেটেছে কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিলাউরাকোট শহরে চলছে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের কাজ l ছবি: ইউনেসকো
তিলাউরাকোট শহরে চলছে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের কাজ l ছবি: ইউনেসকো

গৌতম বুদ্ধের শৈশব-কৈশোর কেটেছে যে বাড়িতে সেটি কোথায়? ভারতে, না নেপালে? এ প্রশ্ন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ভারত ও নেপাল উভয় দেশের প্রত্নতাত্ত্বিকেরা দাবি করছেন, বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের শৈশব কেটেছে যে নগরে, সেটা আসলে তাঁদের ভূখণ্ডে অবস্থিত।
নেপালের প্রত্নতাত্ত্বিকেরা দাবি করেছেন, সে দেশের তিলাউরাকোট শহরে আড়াই হাজার বছরের আগের একটি জনপদের সন্ধান পাওয়া গেছে। বিভিন্ন উপাত্ত ও প্রমাণাদি বিশ্লেষণ করে তাঁরা নিশ্চিত, ওই জনপদেই ছিল গৌতম বুদ্ধের শৈশবের বাড়ি। সেখানেই কেটেছে তাঁর জীবনের প্রথম ২৯ বছর।
তিলাউরাকোট শহর থেকে ১৬ মাইল দূরে অবস্থিত লুম্বিনী বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান। কারণ, প্রচলিত ধারণা অনুযায়ী সেখানেই জন্ম নিয়েছিলেন গৌতম বুদ্ধ।
তবে ভারতের প্রত্নতাত্ত্বিকেরা দাবি করেছেন, নেপালের তিলাউরাকোট শহর থেকে ১৭ মাইল দূরে ভারতের ভূখণ্ডেই রয়েছে গৌতম বুদ্ধের শৈশবের প্রকৃত বাড়ি।
পুণ্যার্থী আকর্ষণ ও পর্যটন-বাণিজ্যের জন্যই ভারত ও নেপাল বুদ্ধের শৈশবের বাড়ির দাবি করে আসছে বলে মনে করা হয়।
পরিণত বয়সে বুদ্ধ ভারতের বিহারের বুদ্ধগয়ায় একটি বৃক্ষের নিচে ধ্যান করার পর দিব্যজ্ঞান লাভ করেছিলেন বলে বর্ণনা আছে।
গত মাসে কাঠমান্ডুতে এক সম্মেলনে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অভিযোগ করেন, বহিরাগত ব্যক্তিরা নেপালের কাছ থেকে বুদ্ধের বাসভূমির মর্যাদা কেড়ে নিতে চাইছেন। নাম না নিলেও তিনি কোন দেশকে ইঙ্গিত করছেন, তা স্পষ্ট।
ভারতের প্রত্নতাত্ত্বিক কে এম শ্রীবাস্তব বলেন, বিশেষজ্ঞরা প্রথম থেকেই সম্পূর্ণ অন্ধকারে থেকে কপিলাবস্তু নগর খোঁজার নিরর্থক চেষ্টা করে আসছিলেন।
বর্ণনা আছে, বর্তমানে নেপালের অন্তর্গত ও সাবেক উত্তর-পূর্ব ভারতের কপিলাবস্তুর রাজা শুদ্ধোধনের ছেলে সিদ্ধার্থ জন্মের পর প্রাসাদের বিলাসবহুল পরিবেশেই বড় হন। ২৯ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন ।