বৃষ্টি আর কড়া নিরাপত্তার 'অস্বস্তি' ছাপিয়ে উৎসব
বৃষ্টির ভ্রুকুটি আর কড়া নিরাপত্তার ‘অস্বস্তি’ ছাপিয়ে উৎসবই বড় হয়ে উঠল উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরায়। রাজধানী আগরতলাসহ গোটা রাজ্যই দশভুজার পূজা ঘিরে মেতে উঠেছে। শুক্রবার ষষ্ঠির দিন থেকেই রাস্তায় নেমেছে জনজোয়ার। গতকাল শনিবার রাতে আগরতলায় রেকর্ড হারে ভিড় হবে বলেই মনে করা হচ্ছিল।
ত্রিপুরার অধিবাসীদের ৭০ শতাংশ বাঙালি। বাকি ৩০ শতাংশের বেশির ভাগই অন্য বিভিন্ন জাতিগোষ্ঠীর। তাঁরা সদলবলে অংশ নেন দুর্গাপূজায়। ফলে প্রকৃত অর্থেই দুর্গাপূজা হয়ে উঠেছে সর্বজনীন। গোটা রাজ্যে আড়াই হাজারের বেশি বারোয়ারি এবং শতাধিক বাড়িতে পূজা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন রাজ্য পুলিশের প্রধান কে নাগরাজ। তিনি জানান, ব্রডগেজ রেল চলাচল শুরু হওয়ায় এবার ভিড় হবে অনেক বেশি। তাই আধা সামরিক বাহিনীর জওয়ানদেরও নিয়োগ করা হয়েছে পুলিশ কর্মীদের সঙ্গে। স্থানীয় পূজা কমিটি ছাত্রবন্ধু ক্লাবের সম্পাদক অশোক ঘোষের দাবি, ভারতে কলকাতার বাইরে দুর্গাপূজার এত বড় আয়োজন আর কোথাও হয় না।
ত্রিপুরার পূজাতে পশ্চিমবঙ্গ থেকে মৃৎশিল্পীদের পাশাপাশি মণ্ডপ ও আলোকসজ্জার জন্যও শিল্পীরা আসেন। আগরতলা ছাড়াও সাব্রুম, ধর্মনগর, বিশালগড়ে বড় বড় পূজা হয়। রাজ্যের পাহাড়ি মানুষেরা তাঁদের নিজস্ব পোশাকে দেবীকে বরণ করে নেন। পূজার আচারেও তাঁরা বাঙালি কেতার চেয়ে নিজস্বতাকে বেশি গুরুত্ব দেন।
দুর্গাপূজাকে কেন্দ্র করে ত্রিপুরায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বহু সামাজিক দায়দায়িত্ব পালন করেন আয়োজকেরা। সেই সঙ্গে সাহিত্য পত্রিকা প্রকাশ শারদ উৎসবের বড় প্রাপ্তি। সমাজের সবাই মিলেমিশে উৎসবে শামিল হওয়াটাই এ রাজ্যের ঐতিহ্য। তবে ষষ্ঠির মতো সপ্তমীর দিনও বৃষ্টি হওয়ায় অনেকের মুখই ভার। আশঙ্কা করা হচ্ছে, প্রকৃতি না বাদ সাধে বাঙালির এত বড় আনন্দযজ্ঞে!