বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের তামিলনাড়ু রাজ্যে দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে। রাজধানী চেন্নাইয়ের অদূরে বিভিন্ন এলাকায় আজ বুধবার এমন থই থই পানি দেখা যায়। ছবি: রয়টার্স
ভারতের তামিলনাড়ু রাজ্যে দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে। রাজধানী চেন্নাইয়ের অদূরে বিভিন্ন এলাকায় আজ বুধবার এমন থই থই পানি দেখা যায়। ছবি: রয়টার্স

অবিরাম বৃষ্টিতে থই থই দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্য। বিপর্যস্ত রাজ্যে​র রাজধানী চেন্নাই। গতকাল মঙ্গলবার রাত থেকে মুষলধারে বৃষ্টির ফলে বুধবার থমকে গেল জনজীবন। বন্ধ করে দিতে হয় চেন্নাই বিমানবন্দর। কাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিমান ওঠানামা সম্পূর্ণ বন্ধ। সেখানে সাত শ যাত্রী অবরুদ্ধ।

 টানা বৃষ্টির কারণে ঘুরিয়ে দেওয়া হয় দূরপাল্লার চেন্নাইগামী ট্রেন। লোকাল ট্রেন বন্ধ হয়ে যায়। পঞ্চাশটির মতো ট্রেনের চলাচল বাতিল করে দিতে হয়। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা ও টেলিকম ব্যবস্থা। বন্ধ এটিএম বুথও। গত এক শতাব্দীতে তামিলনাড়ুতে এমন বৃষ্টি হয়নি।
এই রাজ্যে গড়ে এক মাসে যে পরিমাণ বৃষ্টি হয়, মঙ্গল ও বুধবার—দুদিনেই সেই পরিমাণ বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপই এই অপ্রত্যাশিত বৃষ্টির কারণ। পূর্বাভাস অনুযায়ী শ্রীলঙ্কার দক্ষিণে সৃষ্ট আরও একটি নিম্নচাপের ফলে আগামী আটচল্লিশ ঘণ্টায় তামিলনাড়ু ছাড়াও কেরালায় মাত্রাছাড়া বৃষ্টি হবে। তবে বাহাত্তর ঘণ্টা পর পরিস্থিতির উন্নতি হবে বলা হচ্ছে।
বৃষ্টিতে তামিলনাড়ুর হাল এতটাই খারাপ যে বুধবার সেনা, বিমান ও নৌবাহিনীকে একযোগে বিপর্যয় মোকাবিলায় নামাতে হয়। রাজধানী চেন্নাই ছাড়াও রাজ্যের উত্তরের জেলাগুলিতে বিমানবাহিনীর হেলিকপ্টার দিনভর পানিবন্দী মানুষদের উদ্ধার ও তাদের খাবারের প্যাকেট সরবরাহ করে। নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর নৌকা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পানিবন্দীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত থাকে। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তামিলনাড়ু ও পুদুচেরির জন্য আরও নৌকা পাঠানো হচ্ছে। বাহিনীর পক্ষ থেকে ওষুধপত্রও বিলি করা হয়। শহরের মধ্য দিয়ে প্রবাহিত আদিয়ার নদীর ওপর সইদাপেট সেতু এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে, তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
চেন্নাইয়ের অধিকাংশ দপ্তর বন্ধ। তথ্যপ্রযুক্তি অফিসগুলি কর্মীদের জানিয়ে দিয়েছে, বাড়ি থেকে কাজ করলেও চলবে, না করলেও ক্ষতি নেই। স্থানীয় মানুষজন একে অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সিনেমা হল বা মলগুলিতে আশ্রয় নিয়েছেন বানভাসি মানুষজন। ঘরছাড়াদের জন্য বাড়ির দরজা হাট করে খুলে দিয়েছেন অনেকে। বিভিন্ন এলাকায় খোলা হয়েছে ‘কমিউনিটি কিচেন’। সামাজিক মাধ্যমগুলিও এই বিপর্যয়ে এক বিশেষ ভূমিকা নিয়েছে। কোন কোন অঞ্চল নিরাপদ তা জানিয়ে দেওয়া হচ্ছে। এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় পুলিশ বাহিনীও।
দিল্লিতে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে প্রধানমন্ত্রীর​ বৈঠকের পর জরুরি ভিত্তিতে সব ধরনের সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ৬০০ উদ্ধারকারী পাঠানোর সিদ্ধান্ত নেয়। দিল্লি ও ভুবনেশ্বর থেকে তাদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ের ৬০ কিলোমিটার দূরের আরাক্কোনম বিমান ঘাঁটিতে। তাদের সঙ্গে যাচ্ছে ৬০টি রাবারের নৌকা, প্রয়োজনীয় ওষুধ ও শুকনো খাবার। টেলিকমমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়ে দিয়েছেন, আগামী এক সপ্তাহ বিনা পয়সায় টেলিফোন ব্যবহার করা যাবে। বিল জমা না দিলে ডিসেম্বর পর্যন্ত লাইন কাটা হবে না।