বেইজিং কেন এত কঠোর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির হামবুর্গে জি-২০ শীর্ষ বৈঠক শুরুর ঠিক আগের দিন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিল, পরিস্থিতি অনুকূল নয়। তাই হামবুর্গে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো দ্বিপক্ষীয় বৈঠক হবে না।

হামবুর্গে মোদি-সি সরকারি দ্বিপক্ষীয় বৈঠকের কথাও ছিল না। তবে ভারত-চীন-ভুটান সীমান্তের ডোকা লা এলাকায় সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে দুই নেতা অনানুষ্ঠানিক কথা বলেন কি না, সেই জল্পনা দানা বাঁধছিল। গতকাল বৃহস্পতিবার বেইজিং থেকে যে বিবৃতি জারি করা হয়, তাতে অনানুষ্ঠানিক আলোচনার সম্ভাবনা নিয়ে কিন্তু কিছু বলা হয়নি। বলা হয়েছে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে তাই এ সম্পর্কিত প্রশ্নের জবাবে বলেছেন, মোদি-সির অনানুষ্ঠানিক বৈঠকও যে হবে না, দুই দেশের কোনো বিবৃতিতেই কিন্তু তা জোর দিয়ে বলা হয়নি।

ডোকা লা সীমান্ত সমস্যা নিয়ে চীন প্রায় প্রতিদিনই নিয়ম করে ভারতের ওপর চাপ সৃষ্টি করে চলেছে। বৃহস্পতিবারের বিবৃতি তারই অংশ। এসব বিবৃতির মধ্য দিয়ে চীন স্পষ্ট বুঝিয়ে দিতে চেয়েছে, সেনা না সরালে আলোচনার টেবিলে বসতে তারা রাজি নয়। এর আগে তারা বলেছে, ভারত সেনা না সরালে তাদের জোর করে সরিয়ে দেওয়া হবে।

চীনের এই চাপের কূটনীতির মুখে ভারতীয় নেতৃত্ব কয়েক দিন ধরে নির্বাক। প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি ‘ভারত কিন্তু ১৯৬২ সালে থমকে নেই’ বলে মন্তব্যের পর আর কিছু বলেননি।

হঠাৎ কেন চীন এমন কঠোর? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধারণা ও বিভিন্ন মহলের ব্যাখ্যা অনুযায়ী, ১. গত এপ্রিলে অরুণাচল প্রদেশে দালাই লামার সফর আটকাতে না পেরে চীন ক্ষুব্ধ। তখনই তারা বলেছিল, ভারতকে এর ফল ভোগ করতে হবে। ২. প্রেসিডেন্ট সির সাধের ‘বেল্ট ও রোড ইনিশিয়েটিভ’ প্রকল্পে ভারত যোগ না দিয়ে চীনা কর্তৃত্ববোধে ঘা দিয়েছে। ৩. চীন-পাকিস্তান ইকোনমিক করিডর (সিপিইসি) তৈরিতে ভারতের ক্রমাগত বাধা দেওয়া। ৪. বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) যোগাযোগব্যবস্থা বাস্তবায়িত করতে ভারত বাড়তি আগ্রহী না হওয়া। ৫. নেপালের মতো ভুটানকেও ক্রমেই ভারতীয় মুঠি থেকে বের করে আনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মহলের অভিমত, ভুটানের সঙ্গে এখনো চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারেনি। এই ছোট্ট দেশটাকে চাপের মধ্যে ফেলে সম্ভবত তারা বুঝিয়ে দিতে চাইছে, দক্ষিণ এশিয়ায় তারাই প্রথম ও শেষ কথা। ভারত অনন্তকাল তার রক্ষাকর্তা থাকতে পারবে না। আমেরিকা-জাপানের সঙ্গে ভারতের অত্যধিক দহরম-মহরমও চীন সহজভাবে নিচ্ছে না।

সমাধানসূত্র এখনো অধরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের কথায়, দুই দেশই তার স্বার্থ সুরক্ষিত করে সমাধান চাইবে। রাজনৈতিক ও কূটনৈতিক মহল সে জন্য সক্রিয়। বিবৃতি-পাল্টাবিবৃতির রাস্তায় না হেঁটে আপাতত ভারত পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছে।