বেইজিংয়ের প্রতি নয়াদিল্লির ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু সরবরাহ গোষ্ঠী বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) প্রবেশে অব্যাহতভাবে বাধা দিয়ে চলায় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ চীনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে ভারত।
চীনের অনড় অবস্থানের কারণেই দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত এনএসজির দুই দিনের এক সভা গত শুক্রবার শেষ হয়েছে গ্রুপটিতে ভারতের যোগদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই।
সিউল বৈঠকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী নয় ভারত, তাই তাকে সদস্যপদ দেওয়া যাবে না—এই যুক্তি তুলে ধরে চীন দেশটির সদস্যপদ প্রাপ্তির ব্যাপারে বিরোধিতা করে। এ বিরোধিতায় চীনের সঙ্গে শামিল হয় অন্তত ১০টি দেশ। যদিও ভারতের সদস্যপদের বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ বেশির ভাগ দেশের সমর্থন ছিল। বৈঠকে সুইজারল্যান্ড তাদের অবস্থান পরিবর্তন করে। এর আগে ভারতের প্রতি সমর্থন দিলেও শেষে তারা বিরোধীদের শিবিরে ভিড়ে যায়।
বৈঠকের ফলাফলের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, বৈঠকে ভারতের সদস্যপদ নিয়ে তিন ঘণ্টার আলোচনা এক দেশের অনড় অবস্থানের কারণে নিয়মগতভাবে বাধার মুখোমুখি হয়েছে।
গত কয়েক সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, মেক্সিকোসহ গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ সফর করে এনএসজিতে ভারতের সদস্যপদের পক্ষে প্রচার চালান। কিন্তু বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক দেনদরবার সত্ত্বেও চীন বরাবর ভারতের এনএসজি সদস্যপদ পাওয়ার বিরোধী। আর এ কারণেই গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদি উজবেকিস্তানে অনুষ্ঠেয় এক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন।
মোদির পররাষ্ট্রনীতির সমালোচনা: এনএসজির সদস্যপদ নিশ্চিত করতে ভারতের ব্যর্থতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পররাষ্ট্রনীতির দুর্বলতা হিসেবে মনে করছেন কেউ কেউ।
এ ব্যর্থতাকে ভারতের জন্য এক ‘অস্বস্তি’ বলে উল্লেখ করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী মোদির বুঝতে হবে, জনসম্মুখে তামাশা নয়, বরং কূটনীতিতে গভীরতা ও একনিষ্ঠতা দরকার।