বেকার হোস্টেলে বঙ্গবন্ধুকে স্মরণ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ৮ স্মিথ লেনের সরকারি বেকার হোস্টেল। এটি সরকারি ছাত্রাবাস। বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে ডিগ্রি পড়ার সময় এই বেকার হোস্টেলে ছিলেন ১৯৪৫ থেকে ১৯৪৬ সালে। ছিলেন ২৪ নম্বর কক্ষে। সেদিনকার এই ইসলামিয়া কলেজের নাম পরিবর্তন করে এখন নামকরণ করা হয়েছে মৌলানা আজাদ কলেজ।
১৯৯৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে গড়া হয় বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ। এই স্মৃতিকক্ষে এখনো রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল ও আলমারি।
আজ বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সেই কক্ষেই হলো শ্রদ্ধা নিবেদন।
আজ সকাল আটটায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এ কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসানসহ উপহাইকমিশনের কর্মকর্তা ও কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে বেকার হোস্টেলের এই স্মৃতিবাহী কক্ষের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতেও মাল্যদান করা হয়। কলকাতার সোনালী ব্যাংকসহ কলকাতার কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও মাল্যদান করা হয় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে। এরপর এখানে বঙ্গবন্ধু ও তাঁর নিহত পরিবারবর্গের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে সকালে কলকাতা উপহাইকমিশনে অর্ধনমিতভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় উপহাইকমিশনে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির। এখানে কলকাতার ডেপুটি হাইকমিশনার, দূতাবাসের কর্মকর্তাসহ কলকাতায় পাঠরত বাংলাদেশের ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
১৭ আগস্ট বিকেলে কলকাতার মৌলানা আজাদ কলেজ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।
১৯৯৮ সালে বাংলাদেশ সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবসু ২৪ নম্বরের পাশের ২৩ নম্বর কক্ষটিকে যুক্ত করে স্মৃতিকক্ষ গড়ার উদ্যোগ নেন। ওই বছরের ৩১ জুলাই বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রী অধ্যাপক সত্যসাধন চক্রবর্তী।