বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

কলকাতায় যথাযোগ্য মর্যাদায় আজ শনিবার পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকাল সোয়া আটটায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার ৮ স্মিথ লেনের সরকারি বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে বঙ্গবন্ধুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদসহ বিশিষ্টজনেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একই সঙ্গে বেকার হোস্টেলের স্মৃতিবাহী এই কক্ষের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কলকাতায় সোনালী ব্যাংক, বিমান বাংলাদেশসহ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা জানানো হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে সকালে কলকাতা উপহাইকমিশনে পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলকাতার বেকার হোস্টেল ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সরকারি ছাত্রাবাস। ১৯৪৫-৪৬ সালে বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে ডিগ্রিতে পড়ার সময় বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থাকতেন। ইসলামিয়া কলেজের নাম বদল করে বর্তমানে নামকরণ করা হয়েছে মওলানা আজাদ কলেজ। ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বেকার হোস্টেলের ২৪ নম্বরের সঙ্গে ২৩ নম্বর কক্ষটিকে যুক্ত করে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ গড়ার উদ্যোগ নেন। পরে ওই বছরের ৩১ জুলাই বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী। স্মৃতিকক্ষে এখন বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল ও আলমারি রয়েছে।