বেকার ২০ হাতির নতুন কাজ

গাছের গুঁড়ি টানার গুরুদায়িত্ব পালন করছিল হাতিগুলো। কাজটা গেল বন্ধ হয়ে। ওরাও বেকার। বসিয়ে বসিয়ে হাতি পোষা কী চাট্টিখানি কথা? শেষতক অবসান ঘটেছে হাতিগুলোর বেকারত্বের।
ওই ২০টি হাতি প্রথমে কাজ করত ভারতের আন্দামান ও নিকোবর অঞ্চলে। সেখানকার বন উন্নয়ন দপ্তরের বনাঞ্চলে কাঠের গুঁড়ি টানার কাজ ছিল তাদের। তবে সম্প্রতি আন্দামানের বন উন্নয়ন দপ্তর বন্ধ করে দিয়েছে ভারত সরকার। হাতিগুলোর পুনর্বাসনে বিভিন্ন রাজ্যে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ছয়টি হাতিকে কাজ দিচ্ছে পশ্চিমবঙ্গ, ছয়টি যাচ্ছে বিহারে ও আটটি ঝাড়খন্ডে।
পশ্চিমবঙ্গে ছয়টি হাতি পর্যটনশিল্পে বা জঙ্গল নিরাপত্তার কাজ পেতে পারে।
পশ্চিমবঙ্গের মুখ্য বন কর্মকর্তা শুভংকর সেনগুপ্ত বলেন, ‘কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে ওই ২০টি হাতি পুনর্বাসনের প্রস্তাব পাঠানোর পর আমরা ছয়টি হাতি নিতে সম্মত হই। এদের কাজ দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। এখানে হাতিদের গাছের গুঁড়ি টানার কাজ দেওয়া হবে না। তাদের হয় পর্যটনশিল্পে কাজ দেওয়া হবে, নয়তো জঙ্গল নিরাপত্তার কাজে নিয়োগ করা হবে।’
তবে কেবল আন্দামান থেকেই নয়, কর্ণাটক থেকেও পশ্চিমবঙ্গে আটটি হাতি আনা হচ্ছে।