বেঙ্গালুরুতে বিস্ফোরণে নিহত ১, সতর্কতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটের একটি রেস্তোরাঁর কাছে বিস্ফোরণে ভবানী নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচজন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর ভবানীকে মালয় হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় ও মুখে আঘাতের কারণে সেখানেই ভবানীর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তিনি চেন্নাইয়ের বাসিন্দা। বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলো ভবানীর ভাতিজা কার্তিক, আই গেটের কর্মী সন্দীপ এইচ, চামারাজপেটের বাসিন্দা হরিশ কুমার ও নাভিন। তারাও ওই হাসপাতালে চিকিৎসাধীন। আহত বাকি একজনের পরিচয় জানা যায়নি।

পুলিশের ভাষ্য, ওই বিস্ফোরণে আইইডি ব্যবহৃত হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে রাখে। ছুটে যায় ডগ ও বোম্ব স্কোয়াড। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেপ্তার করেছে।

ঘটনার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সঙ্গে কথা বলেছেন। কর্ণাটক সরকার এ ব্যাপারে বিশেষ তদন্ত দল গঠন করেছে। তদন্তের ভার দেওয়া হয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএকে। বেঙ্গালুরুর এই বিস্ফোরণ কারা ঘটিয়েছে, এ ব্যাপারে এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনার পর ভারতের মুম্বাই, দিল্লি, কলকাতা, পুনেসহ বড় বড় শহরে সতর্কতা জারি করা হয়েছে। নতুন বছর সামনে রেখে যাতে দেশে কোনো নাশকতার ঘটনা না ঘটে, এ জন্য কড়া সতর্কতা জারি করা হয়েছে।