বেশি লোভ বিচ্ছেদ ডেকে আনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধানসভা ও লোকসভার উপনির্বাচনের দিনই গতকাল শনিবার বিজেপি দখল করল দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন। কিন্তু একই সঙ্গে শনিবার মহারাষ্ট্রে তাদের শরিক দল শিবসেনার প্রধান বিজেপির নেতৃত্বকে সাবধান করে জানিয়ে দিলেন, বেশি লোভ অনেক সময় বিচ্ছেদ ডেকে আনে।
উপনির্বাচন ছিল মোটের ওপর শান্তিপূর্ণ। মূল মনোযোগ অবশ্যই ছিল উত্তর প্রদেশের দিকে। সেখানে বিজেপিকে থামাতে সমাজবাদী পার্টি কতটা সফল হয়, সেটাই দেখার। আবার পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা আসনে একমাত্র প্রশ্ন—তৃণমূলকে হারিয়ে বিরোধীরা একটি আসনও পায় কি না। শেষ পর্যন্ত তা হলে সারদা চিট ফান্ড কেলেঙ্কারিতে ব্যতিব্যস্ত তৃণমূল কংগ্রেসকে আরও কঠিন অবস্থায় পড়তে হবে।
কলকাতা ও বসিরহাট বিধানসভার উপনির্বাচনে একাধিক স্থানে সিপিএম সমর্থকদের ওপর তৃণমূল কংগ্রেসের সমর্থকদের হামলার অভিযোগ শোনা গেছে।
গতকাল দিনটা অবশ্য বিজেপির ভালোই কেটেছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ভোটে দীর্ঘ ১৮ বছর পর এই প্রথম বিজেপির ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) নিরঙ্কুশ জয় পেল। সভাপতি, সহসভাপতি, সচিব, যুগ্ম সচিব—চারটি পদেই কংগ্রেসের ছাত্রসংগঠনকে হারিয়ে এবিভিপি জয়ী হয়েছে।
উপনির্বাচনে বিজেপির ফল যদি ভালো না হয়, তাহলে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে বিজেপি-শিবসেনার মধ্যে আসন বণ্টনে প্রভাব পড়তে পারে। কোন দল কত আসনে লড়বে, তা নিয়ে ইতিমধ্যেই দুই দলে টানাপোড়েন শুরু হয়েছে। বিজেপি চায় আরও বেশি আসন, শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরের নজর আবার মুখ্যমন্ত্রীর আসন। ২৮৮ আসনের রাজ্য বিধানসভায় কে কত আসন পাবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অথচ নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও হরিয়ানার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। দুই রাজ্যেই ভোট হবে ১৫ অক্টোবর।
গতকাল শিবসেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে বিজেপির উদ্দেশে লেখা হয়েছে, ‘সব দলেরই লোভ সংবরণ করা উচিত। জোট শরিকদের অবশ্যই জয়ের স্বপ্ন দেখার অধিকার আছে। কিন্তু বেশি আসন না পেলে জোটে থাকব না, এমন মনোভাব ঠিক নয়। মনে রাখা ভালো, অতি লোভ অনেক সময় বিচ্ছেদও ডেকে আনে।’ পাশাপাশি উদ্ধব ঠাকরে এক টেলিভিশন সাক্ষাৎকারে কোনো রকম রাখঢাক না রেখে বুঝিয়ে দিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।