বেশি সাপের কামড় মহারাষ্ট্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সাপের কামড়ের সংখ্যা সবচেয়ে বেশি হয় মহারাষ্ট্র রাজ্যে। আর দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর—এই সাত মাসে পশ্চিমবঙ্গে সাপ কামড়েছে ২৩ হাজার ৬৬৬ জন মানুষকে। অন্যদিকে মহারাষ্ট্রে সাপের কামড় খেয়েছেন ২৪ হাজার ৪৩৭ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেশব্যাপী সমীক্ষা শেষে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। আজ মঙ্গলবার কলকাতার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদন।

সাপের কামড় নিয়ে এই প্রথমবার চালানো সমীক্ষায় বলা হয়েছে, ভারতে এই সাত মাসে ১ লাখ ১৪ হাজার ১৪৮ জন মানুষকে সাপে কামড় দেওয়ার ঘটনা ঘটেছে। সমীক্ষায় বলা হয়, তৃতীয় স্থানে থাকা অন্ধ্র প্রদেশে ১০ হাজার ৭৩৫ জন, চতুর্থ ওডিশা ৭ হাজার ৬৫৭ জন এবং পঞ্চম কর্ণাটক ৭ হাজার ৬১৯ জনকে সাপে কামড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামেগঞ্জে শৌচকর্ম সারতে গিয়ে মানুষ সাপের কামড় খাচ্ছে। এ ছাড়া মেঝেতে শোয়া, আলোর অভাব, মশারিতে না শোয়ার কারণেও সাপের কামড়ের মুখে পড়ছে মানুষ। বলা হয়, এইডস, পোলিও, ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো সর্পদংশন নোটিফায়েড ডিজিস না হওয়ায় অনেক সময় সাপে কাটা রোগীর নাম নথিভুক্ত হচ্ছে না। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক দয়ালবন্ধু মজুমদার বলেছেন, সাপের কামড়ে প্রতিবছর এ দেশে ৪৯ হাজার মানুষের মৃত্যু হয়। এ হিসাব সরকারি সূত্রের। তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা কয়েক গুণ বেশি। তিনি এ কথাও বলেছেন, সঠিক সময়ে অ্যান্টি স্নেক ভেনাম (এএসভি) দেওয়া গেলে বেশির ভাগ সাপে কাটা রোগীকে বাঁচানো সম্ভব। যদিও সরকারিভাবে এএসভি বিভিন্ন সরকারি হাসপাতালে বিনা মূল্যে দেওয়া হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে ওঝা, গুনিনের পাল্লায় পড়ে বহু রোগীকে হাসপাতালে আনার আগেই প্রাণ দিতে হয়।

দয়ালবন্ধু মজুমদার বলেন, সাপের কামড় থেকে রক্ষার জন্য প্রয়োজন শৌচাগার নির্মাণ, আলোর পরিমাণ বাড়ানো। যেখানে বিদ্যুৎ নেই, সেখানে সৌর আলোর ব্যবস্থা করা, মেঝেতে ঘুমানো বন্ধ করা, মশারি টানিয়ে ঘুমের অভ্যাস করা, সাপে কামড়ালে ১০০ মিনিটের মধ্যে হাসপাতালে রোগীকে নেওয়া এবং গ্রামে কর্মরত সব চিকিৎসকের সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য প্রশিক্ষণের দরকার রয়েছে।