বেসরকারি হাসপাতালে নজরদারিতে কমিশন হচ্ছে: মমতা
পশ্চিমবঙ্গে কলকাতাসহ বেসরকারি হাসপাতালের চিকিৎসা নিয়ে কোনো গাফিলতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরদারির জন্য হেলথ রেগুলেটরি কমিশন গঠন করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এর প্রধান পদে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখা হবে।
গতকাল বুধবার দুপুরে কলকাতার টাউন হলে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের শীর্ষ কর্তাদের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হুঁশিয়ারি দেন।
আগামী ৩ মার্চ হেলথ রেগুলেটরি কমিশন গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় সংশোধনী বিল আনা হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে এ নিয়ে নিয়মিত অভিযোগ আসছে। এ নিয়ে তিনি পার্শ্ববর্তী নেপাল ও বাংলাদেশ থেকেও অভিযোগ পেয়েছেন। তিনি অ্যাপোলো হাসপাতালের নাম উল্লেখ করে বলেন, অ্যাপোলোর বিল খুব বেশি। একইভাবে তিনি মেডিকা, বেলভিউ, রুবি ও নেউটিয়া হাসপাতালের নাম উল্লেখ করে বলেন, এদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তো রয়েছেই। একই সঙ্গে রয়েছে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ। প্যাকেজ চিকিৎসার কথা বলে পরবর্তী সময়ে অতিরিক্ত বিল আদায় করারও প্রচুর অভিযোগ উঠছে নিয়মিত। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসার নামে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বেআইনি কোনো ব্যবসা করতে দেবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার থেকে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে গুরুতর আহত রোগীদের প্রত্যাখ্যান করা যাবে না। দরিদ্রদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। হাসপাতালে ন্যায্যমূল্যে ওষুধ বিক্রির ব্যবস্থা করতে হবে।
মমতা প্রকাশ্যে চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘ইট-কাঠের ব্যবসা আর জীবন বাঁচানোর লড়াই এক নয়। আগে রোগীকে অক্সিজেন, স্যালাইনটুকু দিন। পরে পয়সার কখনো করুন। সেবা করুন। সেবা কখনো পয়সায় বিক্রি হয় না। অনেকে ঘটিবাটি বিক্রি করে হাসপাতাল থেকে দেহ পান না। এই অবস্থা এখনো বিদ্যমান এই রাজ্যের হাসপাতালে।’