উত্তর-পূর্ব ভারতের আসাম বিধানসভার যে ৬১টি আসনে সোমবার ভোট গ্রহণ হবে, এর মধ্যে বোরো জাতিগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের ১২টি আসন রয়েছে। এ অঞ্চলের শক্তিশালী দল বিপিএফের সঙ্গে গাঁটছড়া বাঁধলেও আসাম জয়ে আশাবাদী বিজেপি এখানে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছে।
আসামের চার জেলা বঙ্গাইগাঁও, বাকসা, কোকরাঝার আর চিরাং—এই বোরোদের বসবাস। এই বোরো এলাকায় দীর্ঘদিন ধরে ‘স্বাধীন’ বোরোল্যান্ডের দাবিতে সশস্ত্র লড়াইয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সেই খুনোখুনি এখন অবশ্য অনেকটাই কম। বিভিন্ন গোষ্ঠী শান্তি চুক্তির লক্ষ্যে অস্ত্রবিরতি চালাচ্ছে। তবে ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্স অব বোরোল্যান্ডের (এনডিএফবি) সংবিজিত গোষ্ঠী এখনো অস্ত্র ছাড়েনি।
শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই চার জেলাকে নিয়ে তৈরি হয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বোরোল্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট কাউন্সিল (বিটিডিসি)। বর্তমানে এর পরিচালনায় আছে একসময়ের জঙ্গি সংগঠন বোরো লিবারেশন টাইগারের সুপ্রিমো মহিলারি হাগ্রামার নেতৃত্বে গঠিত বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের (বিপিএফ) হাগ্রামা গোষ্ঠী। গত বিধানসভা নির্বাচনে বিটিডিসি এলাকার ১২টি বিধানসভা আসনের ১২টিতেই জয়লাভ করে বিপিএফ (হাগ্রামা)। এবারও তারা সব কটি আসনে প্রার্থী দিয়েছে। আর তাদের সমর্থন করছে জোটসঙ্গী বিজেপি ও অগপ। ১২টি আসনেই জয়ের বিষয়ে আশাবাদী হাগ্রামা ও বিজেপির নেতারা।
২০১১-এর বিধানসভা নির্বাচনে বিপিএফ ১২টি আসন পেলেও বোরো এলাকার একমাত্র লোকসভা আসনটি কিন্তু ছিনিয়ে নেন অ-বোরোরাই। একসময় কট্টর উলফা জঙ্গি হীরেন সরনিয়া অ-বোরো মঞ্চের হয়ে প্রার্থী হয়ে এক লাখের বেশি ভোটে জিতে সবাইকে অবাক করে দেন।
এ অঞ্চলে সাবেক সাংসদ উখরাও গোরা ব্রহ্মের নেতৃত্বে ইউনাইটেড পিপলস পার্টিও (ইউপিপি) বেশ শক্তিশালী। তাদের সঙ্গে কংগ্রেসের আবার আসন সমঝোতা হয়েছে। সংখ্যালঘু সংগঠন এআইইউডিএফের সঙ্গে চলছে ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াই। সঙ্গে রয়েছে বোরো রাজনীতিতে বেশ প্রভাবশালী সাদৌ বোরো ছাত্র সংস্থার (আবসু) সমর্থন। আবসু নেতা প্রমোদ বোরো প্রথম আলোকে বলেন, ‘ইউপিএফই এবার সবচেয়ে বেশি আসন পাবে বিটিসি (বিটিডিসি) এলাকায়। আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’ সাবেক জঙ্গিনেতা মহিলারি হাগ্রামা বনাম হীরা সরনিয়ার এই নির্বাচনী যুদ্ধ এবার বেশ জমে উঠেছে। এই দুইয়ের মাঝে রয়েছে উখরাও গোরা ব্রহ্ম-প্রমোদ বোরোদের ইউপিএফ। ফলে প্রচারে ঝড় না থাকলেও উত্তেজনার চোরাস্রোত বেশ শক্তিশালী। সেই স্রোতেই বোধ হয় এবার
কমবে বিজেপির দোসর বিপিএফের একক আধিপত্যের গরিমা। ফলে আসাম জয়ের স্বপ্নে বিভোর বিজেপিরও বাড়তে পারে কপালে চিন্তার ভাঁজ।