বোলপুর-ভাঙড়ে আন্দোলন তীব্র

ভারতের পশ্চিমবঙ্গে রবীন্দ্র-স্মৃতিবিজড়িত বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ জমি অধিগ্রহণবিরোধী আন্দোলনের কারণে বন্ধ হয়ে গেছে। ২০০১ সালে বামফ্রন্ট সরকারের আমলে এই জমি অধিগ্রহণ করা হয়েছিল। তখনকার রাজ্য সরকার সেখানে ভারী শিল্প স্থাপনের অঙ্গীকার করেছিল। কিন্তু বর্তমান তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০ জানুয়ারি বোলপুরে গিয়ে ওই জমিতে বিশ্ববিদ্যালয় গড়ার ঘোষণা দেন। এতে জমিদাতারা ক্ষিপ্ত হন। তাঁরা গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হলে সীমানাপ্রাচীর ভেঙে বিক্ষোভ শুরু করেন।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে অধিগ্রহণ করা জমিতে পাওয়ার গ্রিড নির্মাণের বিরুদ্ধেও চলছে আন্দোলন। এতে পুলিশের গুলিতে এক বিশ্ববিদ্যালয়ছাত্রসহ দুজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে কলকাতায় মিছিল-সমাবেশ হয়েছে। একইভাবে বর্ধমানের অন্ডালেও জমি অধিগ্রহণবিরোধী আন্দোলন শুরু হয়েছে।
২০০৭ সাল থেকে জমি অধিগ্রহণবিরোধী আন্দোলন করে গত বছর সুফল পান মমতা। তৎকালীন বামফ্রন্ট সরকার টাটাকে যে জমি দিয়েছিল, সুপ্রিম কোর্টের আদেশে তা জমিদাতারা ফেরত পান। সেই আন্দোলনের পথ ধরে এখন রাজ্যব্যাপী শুরু হয়েছে জমি অধিগ্রহণবিরোধী আন্দোলন।