গরুর মাংস খাওয়াই বোল্টের সাফল্যের কারণ!

চীন থেকে লন্ডন, এরপর রিও ডি জেনিরো—তিনটি অলিম্পিকে এ গ্রহের দ্রুততম মানব সোনা জিতেছেন নয়টি। জ্যামাইকান এই গতিদানবের এ সোনা জয়ের পেছনের গল্প বলতে গিয়ে বিপাকে পড়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির সাংসদ ও দলিত নেতা উদিত রাজ। বোল্টের সাফল্যর কারণ হিসেবে তিনি বলেছেন, দিনে দুবার গরুর মাংস খাওয়ার কথা।
পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বোল্টের সোনা জয়ের সাফল্যের কারণ হিসেবে দিনে দুবার গরুর মাংস খাওয়ার কথা জানিয়ে টুইট করেন উদিত রাজ। এরপরই সামাজিক যোগাযোগের মাধ্যমে উদিত রাজের মন্তব্য ছড়িয়ে পড়ে একপর্যায়ে তা ভাইরাল হয়ে যায়। এ মন্তব্যের কারণে তীব্র সমালোচনার মুখেও পড়তে হচ্ছে উদিত রাজকে। তবে এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

উদিত রাজ টুইট করেন, ‘জ্যামাইকান উসাইন বোল্ট গরিব ছিলেন। তার প্রশিক্ষক তাঁকে গরুর মাংস খাওয়ার পরামর্শ দেন। পরামর্শ মতে চলার কারণে অলিম্পিকে নয় নয়টি সোনা জিতেছেন উসাইন বোল্ট।’ এরপরেই টুইটারে আসতে থাকে নানান তির্যক মন্তব্য।
সামাজিক যোগাযোগের মাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়লে নিজের টুইটের এর ব্যাখ্যাও দেন দিল্লির উত্তর-পশ্চিম এলাকা থেকে নির্বাচিত এই সাংসদ।
উদিত রাজ লিখেন, ‘আমি টুইটে বোঝাতে চেয়েছিলাম যে গরিব হয়েও উসাইন বোল্ট কিভাবে এতগুলো সোনা জয় করতে সক্ষম হলো। বোল্টের সাফল্য দেখে যেন আমাদের খেলোয়াড়েরাও উৎসাহী হয় সেটাই আমি বলতে চেয়েছিলাম। আমি বোঝাতে চেয়েছিলাম, অবকাঠামোগত অবস্থান ছাড়াও অর্থ না থাকলেও মনের জোর থাকলে সাফল্য আসবেই।’