বৈঠক বাতিল হলেও দুই প্রতিবেশী হতাশ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি যে শান্তিভঙ্গকারী খলনায়ক নন, ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত তাই বোঝাতে চাইলেন। গতকাল বুধবার এখানে বিদেশি সংবাদদাতাদের ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এমন কিছু করিনি, যা রীতিবহির্ভূত ও অন্যায্য। এত দিন ধরে যা হয়ে এসেছে, আমি তাই করেছি।’
আবদুল বাসিতের ভাষ্য, কাশ্মীর সমস্যার সমাধানের লক্ষ্যে ওই রাজ্যে যাদের স্বার্থ আছে, তিনি তাদের সঙ্গেই কথা বলেছেন। তাঁর পূর্বসূরিরাও তাই করে এসেছেন। বাসিত বলেন, ‘পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বাতিল হয়ে যাওয়াটা সম্পর্কে একটা ধাক্কা ঠিকই, কিন্তু আশা করি, দুই প্রতিবেশী দেশকে এই সিদ্ধান্ত হতাশ করবে না।’
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী হুরিয়াত নেতাদের সঙ্গে পাকিস্তান এর আগেও বহুবার কথা বলেছে। গত এপ্রিল মাসেও বাসিত কথা বলেছেন তাঁদের সঙ্গে। কিন্তু এবার ২৫ আগস্টের সচিবদের বৈঠকের আগে আরও একবার হুরিয়াত নেতাদের সঙ্গে কথা বলার সিদ্ধান্তে ভারত আপত্তি জানায়। বাসিতকে ডেকে সেই আপত্তির কথা জানিয়েও দেওয়া হয়। কিন্তু তাতে কর্ণপাত না করে বাসিত তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। ক্ষুব্ধ ভারত সঙ্গে সঙ্গেই পররাষ্ট্রসচিবদের বৈঠক বাতিল করে।
কেন বাসিত ভারতের আপত্তি কানে তোলেননি, কী তাঁর যুক্তি তা জানতে গতকাল ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। সেখানেই তাঁর অবস্থান ব্যাখ্যা করেন পাকিস্তানি কূটনীতিক। বাসিত বলেন, কাশ্মীর যে একটা সমস্যা, তা ভারত ও পাকিস্তান দুই দেশই স্বীকার করে। এই সমস্যা মিটিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করে তুলতে পাকিস্তান সচেষ্ট। তিনি বলেন, কাশ্মীরের সঙ্গে যাদেরই স্বার্থ জড়িত, সেই ‘স্টেকহোল্ডার’দের সঙ্গে পাকিস্তান বরাবর আলোচনা চালিয়ে এসেছে। হুরিয়াত নেতাদের সঙ্গে কথা বলা একটা দীর্ঘদিনের রীতি। তাঁদের সঙ্গে কথা বলে তিনি তাই কোনো প্রটোকল ভাঙেননি।
বাসিত অবশ্য একটি প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি। তাঁকে প্রশ্ন করা হয়, হুরিয়াত নেতাদের কেন তাঁরা কাশ্মীরি জনগণের একমাত্র প্রতিনিধি বলে মনে করেন? তাঁরা নির্বাচনে অংশ নেন না। অথচ যাঁরা নির্বাচিত হন, সেই ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, কংগ্রেস বা বিজেপির নেতাদের সঙ্গে তো পাকিস্তান কথা বলে না। এই প্রশ্নে দৃশ্যত অস্বস্তিতে পড়েন বাসিত। হুরিয়াত নেতাদের সঙ্গে কথা বলাটা ‘ঐতিহ্য’ জানিয়ে তিনি সংঘর্ষ বিরতির প্রশ্নে বলেন, গত বছরের জুলাই মাস থেকে এ পর্যন্ত ভারত ৫৭ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে।