বৈঠকে কথা বলতে দেননি মোদি, অভিযোগ মমতার
ভারতের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে বসেছিলেন। সেখানে তিনি করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেন। করোনা প্রতিরোধে কেন্দ্রীয় সরকারের নেওয়া সার্বিক পদক্ষেপ তুলে ধরেন। তবে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীদের কোনো কথা তিনি শোনেননি। এতে ক্ষুব্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদির ডাকা বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা তাঁর সচিবদের নিয়ে যোগ দিয়েছিলেন। কিন্তু বৈঠকে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। বৈঠক শেষ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুতুলের মতো বসিয়ে রেখেছিল আমাদের। কোনো কথা বলতে দেওয়া হয়নি। জানতে চাওয়া হয়নি, এই রাজ্যের করোনা পরিস্থিতি কী, সেই সঙ্গে করোনার টিকার প্রয়োজনীয়তা নিয়ে। শুধু বলেছেন, দেশের করোনা পরিস্থিতি এখন কমার মুখে।’
মমতা প্রশ্ন করেন, ‘করোনা যদি এতই কমে থাকে, তবে কেন এখনো এত মৃত্যু হচ্ছে দেশে? কেন রেমডিসিভির ওষুধ বাজারে নেই? কেন গঙ্গার পানিতে উত্তর প্রদেশের লাশ ভেসে আসছে? কেন তিনি অক্সিজেন নিয়ে কথা বললেন না?’
বৈঠক প্রসঙ্গে মমতা বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর এই ভূমিকায় অপমানিত বোধ করেছি। কেননা, প্রধানমন্ত্রী করোনা রোধে রাজ্যের ওষুধ ও টিকা নিয়ে কিছু জানতে চাননি। মতবিনিময় করেননি।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘আমাদের যখন বলতে দেওয়া হবে না তখন ডাকল কেন? এভাবে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডেকে অপমানই করলেন। এখন প্রধানমন্ত্রী মুখ লুকোচ্ছেন। আজ ১৮ বছরের ছেলেমেয়েরা মরছে, তখন উনি বিল্ডিং আর স্ট্যাচু বানাচ্ছেন। আমরা তিন কোটি টিকা চেয়েছিলাম। ওরা কমিয়ে দিয়েছে। বলেছিলাম দেশে ৩০ হাজার কোটি রুপি বরাদ্দের। শোনেননি।’
মমতা আরও বলেন, ‘দেশ এখন এক মহাসংকটের মধ্য দিয়ে চলছে। এ রাজ্যের গঙ্গায় মৃতদেহ ভেসে আসছে, গঙ্গা দূষিত হচ্ছে। আজ দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের টিকা কেড়ে নিয়ে অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। কেন্দ্র টিকার ডোজ নিয়ে একেক দিন একেক কথা বলছে। কখনো দুই সপ্তাহ, কখনো চার সপ্তাহ, আবার কখনো চার মাস। এভাবে এটা হতে পারে না।’
মোদি সরকারকে সুস্পষ্ট কথা বলার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘দেশবাসীকে জানাতে হবে। প্রধানমন্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন? আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভার্চ্যুয়াল বৈঠক ফ্লপ করেছে।’