বৈদ্যুতিক চুল্লিতে পশুর শবদাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গে কুকুর, বিড়াল, গরু, ছাগলসহ অন্যান্য পোষ্য প্রাণীর শবের সদ্‌গতির কোনো ব্যবস্থা নেই। ছবি: রয়টার্স
পশ্চিমবঙ্গে কুকুর, বিড়াল, গরু, ছাগলসহ অন্যান্য পোষ্য প্রাণীর শবের সদ্‌গতির কোনো ব্যবস্থা নেই। ছবি: রয়টার্স

বৈদ্যুতিক চুল্লিতে হবে পশুর শবদাহ। ভারতের পশ্চিমবঙ্গে এই ব্যবস্থা চালু হচ্ছে। রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীন পশুক্লেশ নিবারণী সমিতি (সিএসপিসিএ) এ উদ্যোগ নিয়েছে।

পশ্চিমবঙ্গে মানুষের মৃত্যুর পর শেষকৃত্যের জন্য রয়েছে শ্মশান ও কবরস্থান। কিন্তু কুকুর, বিড়াল, গরু, ছাগলসহ অন্যান্য পোষ্য প্রাণীর শবের সদ্‌গতির কোনো ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যত্রতত্র পশুর মৃতদেহ ফেলে রাখার ঘটনা ঘটে। আবার অনেক স্থানে মাটিচাপা নিয়ে রাখাও হয়। তবে কলকাতার ধাপায় রয়েছে এসব প্রাণীর মাটিচাপা দেওয়ার ব্যবস্থা।

এবার পশ্চিমবঙ্গের সিএসপিসিএ পশুর শেষকৃত্য বৈদ্যুতিক চুল্লির জায়গার জন্য প্রস্তাব পাঠিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছে। তাদের প্রস্তাব, এই চুল্লি নির্মাণ করা হবে গঙ্গা নদীর তীরে। আর এই বৈদ্যুতিক চুল্লি বসানোর কাজটি করবে কলকাতা পৌরসভা। এ জন্য খরচ ধরা হয়েছে ২৫ থেকে ৩০ লাখ রুপি। সিএসপিসিএর সচিব সমীর শীল চাইছেন কলকাতার গঙ্গাতীরের আর্মেনিয়াম ঘাটের কাছে এই শ্মশান নির্মাণ করতে। তিনি বলেছেন, জমির জন্য তাঁরা কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছেন। কথা বলেছেন কলকাতা পৌরসভার সঙ্গেও।