বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে থাকা যাবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের ৩১ ডিসেম্বর কিংবা তার আগে ভারতে প্রবেশ করা বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ভ্রমণের বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে থাকতে পারবেন। আজ মঙ্গলবার লোকসভায় এ তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, এক লিখিত প্রশ্নের জবাবে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বলেন, চলতি বছরের ৭ সেপ্টেম্বর সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু, শিখ, জেইন ও ফারসি নামধারী সংখ্যালঘু সম্প্রদায়কে অভিবাসনের ক্ষেত্রে বৈধতার বিষয়ে অব্যাহতি দিয়েছেন। ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টের এ সংক্রান্ত বিধান নিয়ে এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এই অব্যাহতি দেওয়া হয়।
১৯৫৫ সালের ‘নাগরিকত্ব আইনের’ বিধান ও এর নিয়ম অনুযায়ী বাংলাদেশের অভিবাসীরা ভারতের নাগরিকত্ব পেতে পারেন। এ ছাড়া বাংলাদেশ সীমান্তে ভারতের ছিটমহলে বসবাসকারীরা ইতিমধ্যেই ভারতের নাগরিক হয়ে গেছেন।
১৯৫৫ সালের ‘নাগরিকত্ব আইনের’ ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ভারতের সীমানায় বাংলাদেশের ছিটমহলে বসবাসকারী ১৪ হাজার ৮৬৪ জনকে চলতি বছরের ১ আগস্ট ছিটমহল বিনিময়ের সময় থেকে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।