বোফোর্স কেলেঙ্কারি গণমাধ্যমের সৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রণব মুখোপাধ্যায়
প্রণব মুখোপাধ্যায়

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছেন, বোফোর্স অস্ত্র চুক্তি যে একটি ‘কেলেঙ্কারি’, তা আজও প্রমাণিত হয়নি। সুইডেন সফরের আগে দেশটির দৈনিক পত্রিকা দগেনস নেইহেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রণব। খবর এনডিটিভির।
সুইডিশ দৈনিকটির প্রধান সম্পাদক পিটার ওলোদারস্কি গত সপ্তাহে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখোপাধ্যায়ের সাক্ষাৎকারটি নেন। প্রণব এতে বলেন, ‘প্রথম কথাই হচ্ছে, এখন পর্যন্ত এটি প্রমাণিত হয়নি যে বোফোর্স অস্ত্র চুক্তি একটি কেলেঙ্কারি। ভারতের কোনো আদালতে এটি প্রমাণিত হয়নি।’
১৯৮৬ সালে বোফোর্স অস্ত্র চুক্তির বিষয়টি আলোচনায় আসে। সে সময় সুইডেনের এই অস্ত্র নির্মাণ কোম্পানিটির সঙ্গে ভারত দেড় হাজার কোটি রুপির হাউইটজার অস্ত্র কেনার চুক্তি করে। সে সময় ক্ষমতায় ছিল রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার। তখন সুইডেনের গণমাধ্যমে খবর বেরিয়েছিল, অস্ত্র বিক্রি করার জন্য সুইডেনের কোম্পানিটি ভারতের রাজনৈতিক নেতা এবং সামরিক কর্মকর্তাদের প্রচুর ঘুষ দিয়েছে। ওই কথিত ঘুষ গ্রহণের অভিযোগ নিয়ে তুমুল বিতর্ক হয়।
প্রণব মুখোপাধ্যায় ২০১২ সালে ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে কংগ্রেস সরকারের অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
সাক্ষাৎকারে প্রণব বলেন, ‘বোফোর্সের ঘটনার বেশ পরে আমি প্রতিরক্ষামন্ত্রী ছিলাম। সব উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাই আমাকে বলেছেন, বোফোর্সের কাছ থেকে আমরা যে অস্ত্র কিনেছিলাম, তা ছিল অন্যতম সেরা। আজ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী এসব ব্যবহার করছে। আপনাদের সেই তথাকথিত কেলেঙ্কারি কেবল গণমাধ্যমেই ছিল। হ্যাঁ, এটা ছিল গণমাধ্যমের বিচার।’
রাষ্ট্রপতি প্রণবকে প্রশ্ন করা হয়, বোফোর্স কেবল মিডিয়ার তৈরি কেলেঙ্কারি বলে তিনিও মনে করেন কি না। জবাবে তিনি বলেন, ‘আমি জানি না। আমি এ নিয়ে কিছু বলিনি। আপনিই কেলেঙ্কারি শব্দটি ব্যবহার করছেন।’