বোবার অভিনয় করেও রেহাই মেলেনি তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন চারেক আগে পশ্চিমবঙ্গের বনগাঁ শহরে সন্দেহজনক ঘোরাফেরার জন্য পুলিশ ১৮ বছরের এক তরুণকে আটক করে। আটকের পর পুলিশ যখনই ওই তরুণের কাছে তাঁর পরিচয় জানতে চায়, তখনই তিনি আকার-ইঙ্গিতে নিজের পরিচয় বোঝাতে চেষ্টা করেন। কোনো শব্দ উচ্চারণ করেন না। এরপরেই পুলিশ সদস্যরা ধরে নেন, ওই তরুণ বোবা।

পুলিশ এই বোবা তরুণের পরিচয় জানার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে। পরে ওই তরুণের ছবি দেখে হতবাক হয়ে যায় ওডিশার আশা কিরণ হোমের কর্মকর্তারা। সঙ্গে সঙ্গে তাঁরা বনগাঁ থানাকে জানিয়ে দেয়, ওই তরুণ বোবা নন। কথা বলতে পারেন। তাঁর নাম শামীম হাসান। বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়।

আশা কিরণ হোমের কর্মকর্তারা আরও জানান, শামীম হাসান বাড়ির ছাদ দিয়ে ঘরে ঢুকে চুরি করে। সেটাই তাঁর পেশা। তিনি ওই হোম থেকে পালিয়ে গেছেন। এ খবর পাওয়ার পর পুলিশ গত রোববার তাঁকে গ্রেপ্তার করে বনগাঁ আদালতে তোলে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।