ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা মৌলিক নাগরিক অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাৎক্ষণিক তিন তালাক অসাংবিধানিক ঘোষণার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট আরও একটি ঐতিহাসিক রায়ে জানিয়ে দিলেন, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষাও ভারতের সব নাগরিকের মৌলিক অধিকার। এই রায়ের ফলে আধার কার্ডকে সর্বক্ষেত্রে বাধ্যতামূলক করে তোলার কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা বড়সড় প্রশ্নের মুখে পড়ে গেল।

কংগ্রেস সরকারের আমলে ভারতের সব নাগরিকের জন্য একটি সর্বগ্রাহ্য পরিচিতিপত্র তৈরির কাজ শুরু হয়। ১২ সংখ্যাবিশিষ্ট সেই পরিচিতিপত্র ‘আধার কার্ড’ নামে পরিচিত। এই কার্ডের নম্বরেই থাকবে নাগরিকদের যাবতীয় পরিচয়। বিজেপি ক্ষমতা দখলের পর ওই আধার কার্ডকে জীবনের সব ক্ষেত্রে বাধ্যতামূলক করে তোলার কর্মসূচি হাতে নেয়। তবে এই উদ্যোগকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক, যা গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত। সর্বোচ্চ আদালতে কেন্দ্রীয় সরকারের যুক্তি ও দাবি ছিল, ব্যক্তিগত গোপনীয়তা নাগরিকের মৌলিক অধিকার হতে পারে না। আধার কার্ডের জন্য নাগরিকের ব্যক্তিজীবনও প্রকাশ্যে আসার আশঙ্কা নেই। ফলে নাগরিকের অধিকারও খর্ব হবে না।

সরকারের উদ্যোগের বিরুদ্ধে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে সেই মামলার শুনানির সময় ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে কি না, সেই প্রশ্ন ওঠে। পাঁচ বিচারপতি তখন বিষয়টি ৯ সদস্যের সাংবিধানিক বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে গঠিত ৯ বিচারপতির ওই সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি জে চেলমেশ্বর, বিচারপতি আর এফ নরিম্যান, বিচারপতি আর কে আগরওয়াল, বিচারপতি আবদুল নাজির, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এম সাপ্রে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এস কে কল। একটানা দীর্ঘ শুনানি শেষে নয়জন বিচারপতি সর্বসম্মতভাবে জানিয়ে দেন, দেশের নাগরিকদের স্বাধীনভাবে জীবন নির্বাহ করার অধিকারের সঙ্গে জড়িয়ে রয়েছে নাগরিকদের জীবনের গোপনীয়তা রক্ষার অধিকারও। সেই অধিকার সংবিধানের ২১ ধারায় স্বীকৃত। কাজেই, গোপনীয়তা রক্ষার অধিকারও মৌলিক।

কংগ্রেস আমলে আধার কার্ডকে ব্যাংকের সঙ্গে যুক্ত করার কথা ভাবা হয়েছিল ভর্তুকির অর্থ সরাসরি উপভোক্তার খাতায় পাঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিজেপি সরকার আধার কার্ডকে সব ক্ষেত্রে বাধ্যতামূলক করার উদ্যোগ নেয়। ব্যাংকের খাতা তো বটেই, প্যান কার্ড, পাসপোর্ট, আয়কর রিটার্ন, সব ধরনের আর্থিক লেনদেনসহ নাগরিক সুবিধার বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করতে সচেষ্ট হয়। সরকারে যুক্তি ছিল, এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতি রোধ যেমন সম্ভব হবে, তেমনি কঠিন হয়ে যাবে কালোটাকা ও বেনামি সম্পত্তি রাখা। তা ছাড়া সন্ত্রাসবাদী আচরণের মোকাবিলাও হয়ে যাবে সহজতর। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, কর্নাটক, পুডুচেরীর মতো অ-বিজেপি রাজ্য সরকারেরা আদালতে সওয়াল করে। এই রায়ের ফলে বিজেপি সরকারের উদ্যোগ যেমন ধাক্কা খেল, তেমনি আধার কার্ডের ভবিষ্যৎ নিয়ে উঠে গেল প্রশ্ন।