ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় পেলেন সোনিয়া-রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী

ভারতে ন্যাশনাল হেরাল্ড মামলায় কিছুটা স্বস্তি পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধী। দেশটির সুপ্রিম কোর্ট আজ শুক্রবার নিম্ন আদালতে দায়ের হওয়া এই মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে সোনিয়া ও রাহুলসহ অন্য কংগ্রেস নেতাদের রেহাই দিয়েছেন। তবে সুপ্রিম কোর্ট বলেছেন, মামলাটি তাঁরা খারিজ করছেন না।
অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) কোম্পানি ছিল ন্যাশনাল হেরাল্ড পত্রিকার প্রকাশক। ১৯৩৬ সালে জওহরলাল নেহরু এই পত্রিকা প্রকাশ করেন। তৎকালীন কংগ্রেস নেতারাই ছিলেন এই কোম্পানির শেয়ার হোল্ডার। পরে কোম্পানিটির শাখা প্রশাখা বিস্তার লাভ করে। কিন্তু ২০০৮ সালে ওই সংবাদপত্র বন্ধ হয়ে যায়। তার আগে পত্রিকাটির পুনরুজ্জীবিত করতে কংগ্রেস তার দলীয় তহবিল থেকে ৯০ কোটি টাকা এজেএলকে বিনা সুদের ঋণ দেয়। শেষ পর্যন্ত ইয়ং ইন্ডিয়া লিমিটেড নামে অন্য একটি কোম্পানি এজেএল অধিগ্রহণ করে নেয়। নতুন এই কোম্পানির ৭৬ শতাংশ শেয়ার সোনিয়া ও রাহুলের।
বিজেপি নেতা সুব্রক্ষ্মণ্যম স্বামী কোম্পানির এই হাতবদলের বিরুদ্ধেই মামলা করেন। তাঁর অভিযোগ, কোম্পানি অধিগ্রহণের মধ্য দিয়ে গান্ধী পরিবার ন্যাশনাল হেরাল্ডের দেশজোড়া সম্পত্তি দখল করেছেন। বিজেপির এই নেতার অভিযোগ, এই সম্পত্তির পরিমাণ অন্তত পাঁচ হাজার কোটি টাকা।
আজ শুক্রবার সুপ্রিম কোর্ট জানান, তাঁরা মামলাটি খারিজ করছেন না। তবে সোনিয়া-রাহুল সহ কংগ্রেস নেতাদের ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়া হচ্ছে। সেই সঙ্গে হাইকোর্টের মন্তব্য গুলিও সুপ্রিম কোর্ট খারিজ করে দেন। বিচারপতিরা বলেন, মামলার শুনানির আগে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত। নিম্ন আদালতে এই মামলার পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি।