ব্যর্থতা ঢাকতেই জরুরি অবস্থা নিয়ে সরব বিজেপি?

তেতাল্লিশ বছর আগের এক সিদ্ধান্ত নিয়ে বিজেপি হঠাৎ কেন এমন কোমর কষে নামল? ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে এটাই প্রধান আলোচ্য বিষয়।
তেতাল্লিশ বছর আগে, ১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতে জরুরি অবস্থা জারি করেছিলেন। এককভাবে ক্ষমতায় আসার চার বছর পর সেই সিদ্ধান্তকে হাতিয়ার করে শাসক বিজেপি নেমে পড়েছে তুমুল কংগ্রেস বিরোধিতায়। এতটাই যে অর্থমন্ত্রী অরুণ জেটলি যেদিন সাবেক প্রধানমন্ত্রীকে তুলনা করলেন ‘হিটলারের’ সঙ্গে, তার পরের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ‘সেদিনের কংগ্রেস ও আজকের কংগ্রেসে কোনো পার্থক্য নেই। জরুরি অবস্থা জারির মতো স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের মনোভাব আজও এই দলটার রন্ধ্রে রন্ধ্রে রয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণের উদ্যোগের মধ্য দিয়ে তা স্পষ্ট বোঝা যায়।’
গত সোমবার, জরুরি অবস্থা জারির বর্ষপূর্তির দিন, অরুণ জেটলি ব্লগ লিখলেন ওই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে। পরে টুইট করলেন একাধিক। জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে সমালোচনা করে তিনি ইন্দিরা গান্ধীর তুলনা টানলেন হিটলারের সঙ্গে। বললেন, হিটলার ও ইন্দিরা দুজনের কেউই দেশের সংবিধান রদ করেননি। কিন্তু তার অপব্যবহার করে দেশে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করেছিলেন। ঠিক এর পরের দিন মুম্বাইয়ে দলের এক সভায় ইন্দিরা গান্ধী ও তাঁর দল কংগ্রেসকে একহাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। একই দিনে সরব হন দলের বিভিন্ন নেতা বিভিন্ন অনুষ্ঠানে। মোদি বলেন, ‘একটি পরিবারের স্বার্থে একটা দেশের সংবিধানের অপব্যবহার কীভাবে করা হয়েছে তার দ্বিতীয় কোনো উদাহরণ কেউ দিতে পারবে না। পরিবারের (গান্ধী) কর্তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর বদলা নিতে ওই দলটা (কংগ্রেস) দেশের প্রধান বিচারপতিকে সরানোর উদ্যোগ নিল। এতটাই ওদের ধৃষ্টতা! আজ সেই কংগ্রেস সংবিধানের অবমাননা, দলিত ও সংখ্যালঘুদের অত্যাচারের প্রসঙ্গ তুলে দেশে বিভ্রান্তি ছড়াতে তৎপর।’
ক্ষমতালাভের প্রথম চার বছরে বিজেপি অথবা নরেন্দ্র মোদি কেউই জরুরি অবস্থা নিয়ে এভাবে সরব হননি। দলগতভাবে এভাবে কংগ্রেস ও ইন্দিরা গান্ধীর সমালোচনায় বিজেপি মুখর হয়নি। পঞ্চম বছরে কেন এমন রুদ্রমূর্তি?
কংগ্রেস এবং বিজেপি-বিরোধী দলগুলো সরাসরি বলছে, আগামী বছরের সাধারণ নির্বাচনের দিকে তাকিয়েই বিজেপির এই সক্রিয়তা। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, দলের মুখপাত্র রণদীপ সুরযেওয়ালা, শরিক দলের নেতা শরদ পাওয়ার, তেজস্বী যাদব, সম্ভাব্য শরিক মায়াবতী—সবারই এক সুর; চার বছরের ব্যর্থতা ও সামাজিক অত্যাচারের তীব্রতা ঢাকতেই মোদি ও তাঁর দলের এই আক্রমণাত্মক রূপ। তাঁরা প্রত্যেকেই বলছেন, অর্থনৈতিক ও সামাজিক দুই ক্ষেত্রেই বিজেপি চরম ব্যর্থ। পাওয়ারের মন্তব্য, দৈনন্দিন সমস্যা থেকে দেশের মানুষের নজর ঘোরাতে ৪৩ বছর আগের এক সিদ্ধান্তকে আঁকড়ে ধরেছে বিজেপি। চাইছে তাদের গত চার বছরের ব্যর্থতা চাপা দিতে। মায়াবতীর কথায়, নোট বাতিল ও জিএসটির মধ্য দিয়ে বিজেপি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করেছে। দেশে চলছে অঘোষিত জরুরি অবস্থা। একই কথা লালুপুত্র তেজস্বী যাদবের। তাঁর কথায়, মোদির সরকার তো অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে। যারা তার বিরোধিতা করছে, তাদের হেনস্তা করা হচ্ছে।
ইন্দিরাকে জেটলি তুলনা করেছিলেন হিটলারের সঙ্গে। তার জবাবে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরযেওয়ালা বলেছেন, মোদি হলেন আজকের দিনের আওরঙ্গজেব। দেশবাসীকে তো বটেই, নিজের দলের সবাইকেও তিনি ক্রীতদাসে পরিণত করেছেন। সৃষ্টি করেছেন ভয়ের বাতাবরণ। দেশে চলছে অঘোষিত জরুরি অবস্থা। তাঁরই সুর ধরে সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল বলেছেন, ২০১৯ সালে ক্ষমতা হারানোর আশঙ্কা বিজেপিকে চিন্তিত করে তুলেছে। জরুরি অবস্থাকে আঁকড়ে ধরার কারণই তাই। আহমেদ প্যাটেলের আরও মন্তব্য, ১৯৭৭ সালে ইন্দিরা গান্ধী নিজে ক্ষমা প্রার্থনা করেছিলেন। ভুল স্বীকার করেছিলেন। ভুল শুধরে জনতার দরবারে হাজির হয়েছিলেন। সেই জনতা ১৯৮০ সালে তাঁকে আবার ক্ষমতায় বসিয়েছিল। গত চার বছর ধরে দেশে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছেন, মোদি পারবেন সে জন্য ক্ষমা চাইতে?