ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমেশকে কোপানোর এই দৃশ্য ধারণ হয় প্রত্যক্ষদর্শীদের অনেকের মোবাইল ফোনের ভিডিওতে
রমেশকে কোপানোর এই দৃশ্য ধারণ হয় প্রত্যক্ষদর্শীদের অনেকের মোবাইল ফোনের ভিডিওতে

ব্যস্ত রাস্তা। দুপাশে শপিং মল। ওপরে উড়ালসেতু। হেঁটে ও যানবাহনে পথ পাড়ি দিচ্ছে হাজারো মানুষ। এনডিটিভি বলছে, এমন পরিবেশে দিনের বেলায় প্রকাশ্যে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এক ব্যক্তিকে।

ভারতের হায়দরাবাদের রাজেন্দ্রনগরে বুধবার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশের অন্তত তিনজন সদস্য উপস্থিত থাকলেও তাঁরা আক্রান্ত ব্যক্তিকে বাঁচাতে কোনো উদ্যোগ নেননি।

এনডিটিভি তাদের প্রতিবেদনের সঙ্গে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে। তাতে দেখা যায়, দুই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার ওই ব্যক্তিকে ব্যস্ত সড়কে ধাওয়া করেন। একপর্যায়ে এক ব্যক্তি কুড়াল দিয়ে কোপাতে থাকেন। অন্যজন আশপাশের মানুষদের কাছে আসতে বারণ করছেন।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম রমেশ। তিনি নিজেও একটি হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত। আর যে দুই ব্যক্তি তাঁকে হত্যা করেছেন তাঁরা নিহত রমেশের বাবা ও চাচা। এনডিটিভি বলছে, গত ডিসেম্বরে হায়দরাবাদে মহেশ গৌড় নামের এক ব্যক্তিকে হত্যার পর পুড়িয়ে ফেলা হয়। রমেশ ওই হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত ব্যক্তি।

প্রতিবেদনে বলা হয়, রমেশ আদালতে মহেশ হত্যা মামলার হাজিরা দিয়ে নিজ গন্তব্যে ফিরছিলেন। পথে মহেশের বাবা কৃষ্ণ গৌড় ও চাচা লক্ষ্মণ গৌড় তাঁকে ধাওয়া দেন। একপর্যায়ে ধরে ফেলেন এবং কৃষ্ণ গৌড় তাঁকে কোপাতে থাকেন। ভিডিওতে দেখা যায়, কৃষ্ণের কোপানো শেষে লক্ষ্মণ কুড়াল হাতে কোপাতে থাকেন।

তবে নির্লিপ্ত থাকার অভিযোগটি অস্বীকার করেছে রাজেন্দ্র নগরের পুলিশ কর্মকর্তা প্রকাশ রেড্ডি। তিনি বলেন, ‘দুজন পুলিশ সদস্য এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এর আগেই লোকটি মারা যান। তবে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, শুধু তিন পুলিশই নির্লিপ্ত থাকেনি। ঘটনার সময় পাশ দিয়ে পুলিশের একটি গাড়ি গেলেও সেটি থামেনি। তবে পুলিশ কর্মকর্তা প্রকাশ রেড্ডির দাবি, প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা সঠিক অভিযোগ করেননি। ঘটনাস্থল প্রধান সড়কে হওয়ায় পুলিশের গাড়ি একটু দূরে গিয়ে পার্কিং করে। কারণ সেখানে থামালে শহরে জ্যাম লেগে যেত। পরে ওই গাড়িতে থাকা পুলিশের সদস্যরা গিয়ে কৃষ্ণ গৌড় ও লক্ষ্মণ গৌড়কে গ্রেপ্তার করেন।

এনডিটিভির খবরে বলা হয়, বুধবারের ঘটনার মতো গত সপ্তাহে হায়দরাবাদেই আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। এক ব্যক্তি রামদা দিয়ে প্রকাশ্যে তাঁর মেয়ে ও জামাতার ওপর হামলা করেন। গুরুতর আহত হলেও তাঁরা প্রাণে বেঁচে গেছেন।

বুধবারের ঘটনা সম্পর্কে ওই প্রতিবেদনে বলা হয়, পথচারীদের মধ্যে রমেশকে বাঁচানোর চেয়ে মোবাইলে ভিডিও ধারণ করার প্রবণতা বেশি লক্ষ করা গেছে। কিছুক্ষণের মধ্যে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে।