ব্যাংকিং বিলের বিরুদ্ধে আন্দোলন গড়ার ডাক মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম আলো ফাইল ছবি।
মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম আলো ফাইল ছবি।

২০১৬ সালের ৮ নভেম্বর রাতারাতি এক ঘোষণায় ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে নরেন্দ্র মোদি সরকার। পরের বছর চালু করে পণ্য ও সেবা কর (জিএসটি)। এগুলো নিয়ে এখনো আলোচনা থামেনি, তার ওপর নতুন করে ব্যাংকিং বিল সংসদে তুলে বিতর্কের মুখে পড়েছে মোদি সরকার।

বর্তমান লোকসভার শীতকালীন অধিবেশনে প্রধানমন্ত্রী চাইছেন ব্যাংকিং বিল পাস করিয়ে নিতে। কিন্তু এতে আপত্তি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন বিরোধী দল। গতকাল শনিবার এর বিরোধিতা করে অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, মানুষ মেনে নেবে না এই ব্যাংকিং বিল।

শুধু কড়া চিঠিই নয়, দলীয় নেতা-কর্মীদের এই বিলের বিরুদ্ধে পথে নেমে তীব্র আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন মমতা। তিনি বলেন, প্রস্তাবিত এই বিল ব্যাংক গ্রাহকদের স্বার্থবিরোধী বিল। আর্থিক নিরাপত্তায় দরিদ্র ও মধ্যবিত্তের প্রতি একটা বড় আঘাত। এই বিল পাস হলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশের ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের দীর্ঘদিনের আস্থা ও বিশ্বাস চুরমার হয়ে যাবে।

কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ‘দ্য ফিন্যান্সিয়াল রেজুলেশন অ্যান্ড ডিপোজিট ইনস্যুরেন্স’ (এফআরডিআই) বিল-২০১৭ নিয়ে গত কয়েক দিন ধরে ভারতের রাজধানী উত্তাল হয়ে পড়েছে। প্রস্তাবিত এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে। বিলটি গত আগস্ট মাসে সংসদে পেশ করা হলেও আপত্তিতে তা পাঠানো হয় যৌথ পার্লামেন্টারি কমিটির কাছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এই বিলের কারণে সাধারণ মানুষের আমানত জবরদস্তি করে ব্যাংকের শেয়ারে পরিণত করা যাবে। আমানতের চরিত্র বদলে সুদ ও মেয়াদের পরিবর্তন আনা যাবে। মেয়াদ পূর্ণের আগে আমানতকারীর টাকা তোলার ওপর নিষেধাজ্ঞা জারি করা যাবে। এমনকি মেয়াদ পূর্ণের পরে সুদ ও আসল টাকা প্রদানের ক্ষেত্রেও স্থগিতাদেশ দেওয়ার অধিকার থাকবে। তাই এই বিলের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন। ডাক দিয়েছেন আন্দোলনের।