ভারতে সরকারি কর্মকর্তাদের প্রথম শ্রেণি নিষিদ্ধ
রাজস্ব ব্যয়ের রাশ টেনে ধরতে কৃচ্ছ্রসাধনের ঘোষণা দিয়েছে ভারতের মোদি সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে সরকারি দপ্তরগুলোকে অপরিকল্পিত রাজস্ব ব্যয় ১০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের পাঁচতারা হোটেলে অনুষ্ঠান ও বিমানের প্রথম শ্রেিণতে ভ্রমণ এবং সরকারি দপ্তরে কোনো নতুন পদ সৃষ্টিতে নিষেধাজ্ঞাসহ আরও বেশি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। খবর এনডিটিভি ও দ্য ইকোনমিক টাইমসের।
তবে বিবৃতিতে আশ্বস্ত করা হয়, ব্যয় হ্রাসে সরকারের নেওয়া এই নতুন পদক্ষেপের ফলে সুদ, ঋণ পরিশোধ, প্রতিরক্ষা বাজেট, চাকরিজীবীদের বেতন ও অবসর ভাতার ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রা স্থির করেছে ৫ দশমিক ৩১ লাখ কোটি রুপি। যা দেশটির জিডিপির ৪ দশমিক ১ শতাংশ। চলতি অর্থবছরের (এপ্রিল-আগস্ট) প্রথম পাঁচ মাসের মধ্যেই বাজেট ঘাটতি সারা বছরের ঘাটতির লক্ষ্যমাত্রার প্রায় ৭৫ শতাংশে পৌঁছেছে। ২০১৩-১৪ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির ৪ দশমিক ৫ শতাংশ।
অর্থ মন্ত্রণালয় ও ব্যয় বিভাগের পক্ষ থেকে সময় সময় কৃচ্ছ্রের নির্দেশনা দেওয়া হচ্ছে। এর আগে সর্বশেষ এ ধরনের নির্দেশনা দেওয়া হয় গত বছরের সেপ্টেম্বরে, বাজেট পাসের পর। সরকার পরিচালনায় যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে, সে জন্য রাজস্ব-শৃঙ্খলা অগ্রগতির উদ্দেশ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়।
ব্যয় হ্রাসের লক্ষ্যে গতকাল সরকারের পক্ষ থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয়:
অপরিকল্পিত ব্যয় কমাতে হবে: চলতি অর্থবছরের জন্য প্রত্যেক মন্ত্রণালয় ও দপ্তরকে সুদ পরিশোধ, পুনঃ ঋণ পরিশোধ, প্রতিরক্ষা-সংক্রান্ত খরচ, বেতন, অবসর ভাতা এবং রাজ্যগুলোতে অর্থ কমিশন মঞ্জুর ছাড়া অন্য সব অপরিকল্পিত ব্যয় ১০ শতাংশ কমাতে হবে।
পাঁচতারা হোটেল এড়িয়ে চলতে হবে: সম্মেলন, আলোচনা অনুষ্ঠান ও কর্মশালা আয়োজনে কৃচ্ছ্রসাধন করতে হবে। একেবারে দরকারি আয়োজনের ক্ষেত্রে শতকরা ১০ ভাগ বরাদ্দ কমাতে হবে। বাণিজ্য প্রসারে প্রদর্শনী ছাড়া বিদেশে প্রদর্শনী, মেলা, আলোচনা অনুষ্ঠান, সম্মেলন ইত্যাদি দৃঢ়তার সঙ্গে নিরুৎসাহিত করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা প্রশাসনিক সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সভা ও সম্মেলন ছাড়া পাঁচতারা হোটেলে সম্মেলন করা নিষিদ্ধ। পাঁচতারা হোটেলে সভা বা সম্মেলনের আয়োজনের ক্ষেত্রেও প্রশাসনিক সচিবদের ব্যয়ে কৃচ্ছ্রসাধনের নির্দেশ দেওয়া হয়েছে।
যানবাহন ক্রয়ে বাধা-নিষেধ: প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং নিরাপত্তা-সংক্রান্ত অন্যান্য সংস্থার কার্যক্রমের প্রয়োজন মেটাতে নতুন যানবাহন ক্রয়ে কোনো বাধা নেই। কিন্তু আরাম-আয়েশের অন্য যানবাহন কেনার (সরকারি কর্মচারীদের গাড়িসহ) ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বিমানে প্রথম শ্রেণি নয়: দেশে বা বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়কে ১০ শতাংশ ব্যয় বাধ্যতামূলকভাবে কমাতে হবে। বছরের নির্দিষ্ট বরাদ্দের চেয়ে বেশি চেয়ে বসলে তা কোনো ক্ষেত্রেই অনুমোদন করা হবে না। আর শীর্ষ সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে ব্যয় কমানোর বিষয়টি সব সময় মাথায় রাখতে হবে। ন্যূনতম ভাড়ায় বিমানে চলাচলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কর্মকর্তাদের বিমানের প্রথম শ্রেণিতে (ফার্স্ট ক্লাস) ভ্রমণ নিষিদ্ধ। বিমানের অন্য শ্রেণিতে ভ্রমণের ক্ষেত্রেও কর্মকর্তাদের পদমর্যাদা অনুযায়ী তা বণ্টন করতে হবে। কর্মকর্তাদের সঙ্গে অন্য কাউকে টিকিট দেওয়া যাবে না। সবচেয়ে ভালো হয়, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পারলে। কাজ চালাতে অনেক সময় ভিডিও কনফারেন্সের সুবিধা নেওয়া যেতে পারে।
পদ সৃষ্টিতে নিরুৎসাহ: কৃচ্ছ্র নীতির অংশ হিসেবে পরিকল্পিত এবং অপরিকল্পিত পদ সৃষ্টিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যেসব পদ এক বছর কিংবা এরও বেশি সময় ধরে শূন্য রয়েছে খুব জরুরি না হলে সেসব পদ পূরণের প্রয়োজন নেই। আর যদি একান্ত না হলেই নয়, তখন সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিয়ে এসব পদে নিয়োগ দেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে ব্যয় বিভাগ থেকে ছাড়পত্র নিতে হবে।
এগুলো ছাড়াও সরকারি অর্থ ব্যয়ে অন্য যেসব বাধা-নিষেধ আরোপ করা হয়েছে, সেগুলো সরকারি অর্থে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্যও প্রয়োজন হবে বলে ঘোষণা দিয়েছে মোদি সরকারের অর্থ মন্ত্রণালয়।