ব্রহ্মপুত্র ড্রেজিং করবে ভারত
ব্রহ্মপুত্রের নাব্যতা বাড়াতে উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। আসামের পাশাপাশি বাংলাদেশেও নদটির ড্রেজিং করা হবে। এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে কথাবার্তা চলছে। শনিবার রাতে ত্রিপুরার রাজধানী আগরতলায় এমনটাই জানালেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
ভারতে ঢোকার পর অরুণাচল প্রদেশ পার হয়ে আসামে এসেই ব্রহ্মপুত্র বিশালাকার ধারণ করে। সাদিয়া থেকে অনেকটা পথ অতিক্রম করে নদটি গিয়ে মিশেছে বাংলাদেশে তিস্তায়। তার আগে আসামের বিস্তীর্ণ এলাকায় ব্রহ্মপুত্রই প্রধান নদ।
প্রতিবছরই ব্রহ্মপুত্র আসামবাসীর দুর্ভোগেরও কারণ হয়ে ওঠে। বর্ষা হলেই দুপাড় উপচে পড়ে পানি। বছরে অন্তত তিনবার ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। ব্রহ্মপুত্রের বন্যা দিন দিন যেন বেড়েই চলেছে। এই অবস্থায় বিশ্ব ব্যাংকের সহায়তায় ব্রহ্মপুত্রে ড্রেজিং-এর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
শনিবার রাতে আগরতলায় বিজেপির রাজ্য সদর দপ্তরে বসে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, শুধু তাঁর রাজ্যেই নয়, ভারত সরকার বাংলাদেশেও ব্রহ্মপুত্রের ড্রেজিং করবে। এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা চলছে। শিগগিরই ড্রেজিং-এর কাজ শুরু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের ভূতল ও জাহাজমন্ত্রী নিতিন গড়কারি গুয়াহাটিতে প্রথম ব্রহ্মপুত্রের ড্রেজিং-এর কথা ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বিশ্ব ব্যাংকের সহায়তায় সীমান্তের দুই পারেই নদীটির সংস্কার করা হবে।
আসামের মুখ্যমন্ত্রী শনিবার ফের ব্রহ্মপুত্রের ড্রেজিং-এর কথা স্মরণ করিয়ে দিয়ে দাবি করলেন, উত্তরপূর্ব ভারতের দুর্গমতা দূর হতে চলেছে। জানা গেছে, বিশ্ব ব্যাংক ইতিমধ্যেই ব্রহ্মপুত্র সংস্কারে অনুমোদন করেছে ৯৮০ কোটি রুপি। এখন দেখার কবে শুরু হয় নদী সংস্কার।