ব্রহ্মপুত্রের খনন চান মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ব্রহ্মপুত্রের গভীরতা বাড়াচ্ছে ভারত। গতকাল মঙ্গলবার আসামসহ উত্তর-পূর্ব ভারতের বন্যা পরিস্থিতি দেখতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রহ্মপুত্রের দ্রুত খননে বাড়তি গুরুত্ব দিলেন। সঙ্গে বন্যা পরিস্থিতির মোকাবিলায় দুই হাজার কোটি রুপিরও বেশি আর্থিক প্যাকেজের ঘোষণা করেন তিনি।

আসামের চলতি বন্যায় ৭৬ জন প্রাণ হারিয়েছে। ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ। গতকাল আসামের গুয়াহাটি বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে উড়ে যান খানাপাড়ায়। সেখানে প্রশাসনিক আধিকারিক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে আসাম ছাড়াও অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুরের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। কংগ্রেস-শাসিত মিজোরামের মুখ্যমন্ত্রী আসতে না পারলেও তাঁর প্রতিনিধিও ছিলেন বৈঠকে।

বৈঠক শেষে আসামের অর্থমন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা জানান, ব্রহ্মপুত্রের বন্যার হাত থেকে উত্তর-পূর্বাঞ্চলকে বাঁচাতে একটি গবেষণাকেন্দ্র গড়ে তোলা হবে। এই গবেষণাকেন্দ্রই বাতলে দেবে, কী করলে রেহাই মিলবে ব্রহ্মপুত্রের করাল গ্রাস থেকে। এর জন্য ১০০ কোটি রুপি অতিরিক্ত বরাদ্দের কথা জানিয়ে গিয়েছেন মোদি। বন্যার্তদের ত্রাণের জন্য ২৫০ কোটি রুপিও মঞ্জুর করা হয়েছে। আজ বুধবারই সেই রুপি পাচ্ছে আসাম। এর আগে আরও ৩০০ কোটি রুপি পেয়েছে তারা।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য ক্ষয়ক্ষতি মেরামতির জন্য ১ হাজার ২০০ কোটি রুপি খরচ করবে ভারত সরকার। শুধু তা-ই নয়, আরও ৪০০ কোটি রুপি খরচ করা হবে ব্রহ্মপুত্রের পানি ধারণক্ষমতা বৃদ্ধির জন্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিলে ৬০০ কোটি রুপি মঞ্জুর করেছে ভারত সরকার। এর মধ্যে ৩৪৫ কোটি রুপি ইতিমধ্যেই দেওয়া হয়েছে আসামকে।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বল্পকালীন কর্মসূচির পাশাপাশি বেশি গুরুত্ব দেন বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের ওপর।