ব্রেক্সিটের ধাক্কায় ভারতের শেয়ারবাজার টালমাটাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেক্সিটের ধাক্কায় ভারতীয় শিল্প ও বাণিজ্য-বাজার সাময়িকভাবে থমকে গেছে। যদিও অর্থমন্ত্রী অরুণ জেটলি ও রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন অভয় দিয়ে বলেছেন, চিন্তার কারণ নেই।

ব্রেক্সিটের পক্ষে যুক্তরাজ্যের জনগণের ৫১ শতাংশের রায় আজ শুক্রবার সকালেই ভারতের শেয়ারবাজার টালমাটাল করে তোলে। সেনসেক্স ১ হাজার ১০০ পয়েন্ট পড়ে যায়। নিফটি ঝেড়ে ফেলে আড়াই শ পয়েন্ট। ডলারের তুলনায় রুপির বিনিময়মূল্য আশঙ্কাজনকভাবে কমে যায়।
বাজারকে ধাতস্থ করতে অর্থমন্ত্রী অরুণ জেটলি বিবৃতি দেন। রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন রুপির পতন রুখতে বাজারে ডলারের জোগান বাড়িয়ে দেন। ফলে বাজারের পতন বেশ কিছুটা রোধ হয়। ডলারের তুলনায় রুপিও ৬৮ দশমিক ২১ থেকে বেড়ে ৬৭ দশমিক ৭৯–তে থিতু হয়। তবে চিন্তায় থাকল টাটা মোটরস বা টাটা স্টিল কিংবা বেশ কিছু তথ্যপ্রযুক্তি কোম্পানি, যাদের শেয়ার ব্রেক্সিটের ধাক্কায় ৮ শতাংশ পর্যন্ত পড়ে গেছে।

অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ এক বিবৃতিতে জানান, এই চ্যালেঞ্জের মোকাবিলায় ভারত প্রস্তুত। স্বল্প ও মধ্য মেয়াদে এই গণভোটের প্রভাব কাটাতে বিশেষ বেগ পেতে হবে না। দেশের বিদেশি মুদ্রার ভান্ডার যথেষ্ট স্ফীত। অর্থনীতিতে যে ধরনের শৃঙ্খলার প্রয়োজন, ভারতে তা রয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে। বৃদ্ধিও আশানুরূপ। দেশ-বিদেশের বিনিয়োগকারীরা যে ধরনের স্থিতিশীলতা দাবি করেন, ভারতে তা উপস্থিত।

রঘুরাম রাজনও এক বিবৃতিতে বলেন, দেশের অর্থনীতির কাঠামো এতটাই মজবুত যে গুরুতর কোনো আশঙ্কার কারণ নেই। পরিস্থিতির মোকাবিলায় যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নেওয়ার ক্ষমতা ও উপায় ভারতের রয়েছে। অর্থনীতিবিদদের মতে, চলতি বছরে সারা দেশেই প্রয়োজনের তুলনায় বেশি বৃষ্টি হবে বলে কৃষি খাতে ভালো প্রবৃদ্ধি হবে। সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে অভিন্ন কর ও পণ্য পরিষেবা (জিএসটি) বিলটি পাস হওয়ার সম্ভাবনা প্রবল। সরকার মাত্র দুদিন আগে একগুচ্ছ সংস্কারের সিদ্ধান্ত ঘোষণাও করেছে। ফলে ভারত ক্রমেই একটা আকর্ষণীয় বাজার হয়ে দাঁড়াবে, যা দেশের প্রবৃদ্ধির হার ৮ থেকে ৯ শতাংশে নিয়ে যাবে।