ভবনের ছাদের একাংশ ধসে ১ জনের মৃত্যু, দম্পতি আটকা

গুরগাঁওয়ের ১০৯ নম্বর সেক্টরে অবস্থিত ভবনটির ছাদ আংশিকভাবে ধসে পড়ার পর উদ্ধার তৎপরতা চলছেছবি: এএনআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুরগাঁওয়ে বহুতল একটি আবাসিক ভবনের ছাদ আংশিক ধসে পড়ে একজনের মৃত্যু হয়েছে। ভবনে আটকে পড়েছেন এক দম্পতি। স্বামীর পা ধ্বংসস্তূপে আটকে রয়েছে। তবে স্ত্রীর খোঁজ পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাতে গুরগাঁওয়ের ১০৯ নম্বর সেক্টরে অবস্থিত ভবনটির ছাদ আংশিকভাবে ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির

বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ১৮ তলাবিশিষ্ট চিন্টেলস প্যারাডাইসো হাউজিং কমপ্লেক্সের একটি ভবনের সাততলার বসার ঘরের ছাদ প্রথমে ধসে পড়ে। এরপর ওই ঘরের নিচে দ্বিতীয় তলা পর্যন্ত ছাদ ও মেঝে ধসে পড়ে।

গুরগাঁওয়ের উপকমিশনার নিশান্ত যাদব বলেন, ‘শ্রীবাস্তব নামের এক ব্যক্তি ও তাঁর স্ত্রী এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। শ্রীবাস্তবের পা আটকে আছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি চিকিৎসাও দেওয়া হচ্ছে তাঁকে। তবে তাঁর স্ত্রীর হদিস এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি মারা গেছেন।’

ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একটি দল আটকে পড়া লোকদের উদ্ধারে কাজ করছে।

কৌশল কুমার নামের ভবনের এক বাসিন্দা এএনআইকে বলেন, সাততলার বসার ঘরের ছাদ একেবারে দ্বিতীয় তলা পর্যন্ত ধসে পড়েছে। তিনি আরও বলেন, বহুতল ভবনটির টাওয়ার ডিতে এ ঘটনা ঘটেছে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার টুইটে লিখেছেন, তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন। খাট্টার বলেন, ‘গুরগাঁওয়ে প্যারাডাইসো হাউজিং কমপ্লেক্সে অ্যাপার্টমেন্টের ছাদ ধসে পড়ার এ দুঃখজনক ঘটনার পর এসডিআরএফ ও এনডিআরএফ সদস্যদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তারাও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। প্রার্থনা করছি, সবাই যেন নিরাপদ থাকেন।’

বাসিন্দারা বলছেন, টাওয়ার ডি নামে কমপ্লেক্সের যে অংশ ধসে পড়েছে, তা ২০১৮ সালে নির্মিত।