পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৩০ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। ফল ঘোষণা ৩ অক্টোবর। জানা গেছে ভবানীপুর আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কারণ কোনো আসনে জয়ী না হয়েও মুখ্যমন্ত্রী হওয়ায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে মমতাকে রাজ্যের যেকোনো একটি বিধানসভা আসন থেকে জিতে আসতে হবে।
কমিশন জানিয়েছে, ওই দিন রাজ্যের আরও দুটি বিধানসভার আসনে স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসন দুটি হলো মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও জঙ্গিপুর আসন। নির্বাচন চলাকালে এই দুই আসনের প্রার্থীদের মৃত্যু হলে আসন দুটি শূন্য হয়।
উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ৬ সেপ্টেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই করা হবে ১৪ সেপ্টেম্বর ও প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর বলে জানিয়েছে কমিশন।
অন্যান্য কেন্দ্রের তুলনায় ভবানীপুর নিয়েই মানুষের আগ্রহ বেশি। কারণ, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার কথা। গত বিধানসভা ভোটে ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। এরপর থেকেই জোর গুঞ্জন, এই আসনে প্রার্থী হবেন মমতাই।
এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে প্রার্থী হয়ে প্রায় ২ হাজার ভোটে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান। কিন্তু ভারতের সংবিধান মেনে তৃণমূল কংগ্রেস মমতাকে মুখ্যমন্ত্রীর পদে বসায়।
সাংবিধানিক নিয়ম হলো, ৬ মাসের মধ্যে মমতাকে রাজ্যের যেকোনো একটি বিধানসভা আসন থেকে জিতে আসতে হবে। এই লক্ষ্যে ভবানীপুর আসন থেকে শোভনদেব পদত্যাগ করেন বলে দলীয় সূত্রে জানা যায়।