ভর্তি পরীক্ষায় অসদুপায় ঠেকাতে পোশাক কোড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসদুপায় ঠেকাতে ভারতে মেডিকেলের ভর্তি পরীক্ষায় এবার জারি করা হয়েছে পোশাক কোড। পুনরায় অনুষ্ঠেয় এই পরীক্ষায় শিক্ষার্থীদের পরে আসতে হবে হালকা রঙের হাফহাতা পোশাক এবং বড় বোতাম থাকবে না এমন শার্ট। পরা যাবে না কানের দুল। এমনকি জুতাও নয়। শরীরে থাকতে পারবে না তাবিজ-কবচ। সঙ্গে আনা যাবে না ক্যালকুলেটর, কলম, হাতব্যাগ কিংবা ওয়ালেটস। 

আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
গত মাসের ১৭ তারিখ দেশটির সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এর অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ব্যাপক অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ওই পরীক্ষা বাতিল করে চার সপ্তাহের মধ্যে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন।

আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শুনতে অদ্ভুত লাগলেও সব ধরনের ঝুঁকি এড়াতে পোশাকের এ কোড জারি করে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। এতে বলা হয়, পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর শরীরে নাকের নোলক, কানের দুল, ব্রেসলেট, চেইন, নেকলেস, কাপড়ের ক্লিপ ও লকেট পেলে পরীক্ষকেরা তা সাময়িকভাবে খুলে নেবেন। এমনকি পরীক্ষার্থীদের কোমরে বেল্টও থাকা যাবে না।

বিবিসির খবরে বলা হয়, ভারতে কিছু কিছু শিক্ষার্থী গায়ের জামার মধ্যে সেলাই করে ব্লুটুথ ডিভাইস ও মোবাইলের সিম কার্ড নিয়ে আসে। এর মাধ্যমে তাঁরা পরীক্ষায় জালিয়াতি করে।
গত কয়েক বছর ধরে ছোট ইয়ারফোন, বোতামে ক্যামেরা ও মাইক্রো ইয়ার প্লাগ ব্যবহার করে কোনো কোনো শিক্ষার্থীর পরীক্ষায় দুর্নীতি করার ঘটনা ধরা পড়েছে। এ ছাড়া কলমের মাধ্যমে প্রশ্নপত্র স্ক্যান করে তা ছোট ব্লুটুথের মাধ্যমে ইমেজ আকারে বাইরে পাঠিয়ে দেওয়ার পর বাইরে থেকে উত্তর তৈরি করে তা একই পদ্ধতিতে ​আবার পরীক্ষার্থীর কাছে পাঠানোর ঘটনাও ঘটেছে।
এমন সব দুর্নীতি প্রতিরোধেই বোর্ড এবার এই পোশাক কোড জারি করেছে।