ভাগ্য ফেরাতে বাবাজিদের শরণাপন্ন বিমল গুরুং
দার্জিলিংয়ে পৃথক গোর্খাল্যান্ড আন্দোলনের নেতা বিমল গুরুং এখন আত্মগোপন অবস্থা থেকে বেরিয়ে আসতে পূজা-অর্চনা আর যজ্ঞে মন দিয়েছেন। গোপন ডেরায় করছেন এই পূজা-অর্চনা আর যজ্ঞ। শরণাপন্ন হয়েছেন অন্তত ছয়জন গুরু বা বাবাজির।
পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়ানোর জন্যই বিমল গুরুং এই পথে হাঁটছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়। প্রতিদিনই ডেরা বদল করে নতুন নতুন জায়গায় গা ঢাকা দিচ্ছেন তিনি।
পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চা গত ১২ জুন থেকে একটানা ১০৭ দিন দার্জিলিং বন্ধ্ পালন করে গত ২৭ সেপ্টেম্বর তা প্রত্যাহার করে। এই বন্ধ্ করতে গিয়ে বিভিন্ন ঘটনায় বিমল গুরুংয়ের বিরুদ্ধে একাধিক খুন, অগ্নিসংযোগ, অফিস পোড়ানো, যানবাহনে ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ ও অন্যান্য কারণে মামলা হয়। এরপর থেকে আত্মগোপনে আছেন বিমল গুরুং।
তাই গত জুন মাস থেকে আত্মগোপনে থাকা বিমল তাঁর ভাগ্য ফেরাতে শরণাপন্ন হয়েছেন ধর্মীয় গুরুদের। দার্জিলিংয়ে এই ধর্মগুরুরা বাবাজি হিসেবে পরিচিত। বিমল গুরুংয়ের ধারণা, বাবাজিরাই তাঁর ভাগ্য ফেরাতে পারবেন।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এক বাবাজি বিমল গুরুংকে নাকি বলেই দিয়েছেন, নভেম্বরে ভাগ্য বদলাবে বিমলের। তা ছাড়া পৃথক গোর্খাল্যান্ডের আন্দোলন শুরুর আগেও তিনি গোরক্ষপুরের এক বাবাজির আশীর্বাদ নিয়েছিলেন। বিমল ইতিমধ্যে গোরক্ষপুর ছাড়াও নেপাল, বিহার, মির্জাপুরের অন্তত ছয়জন গুরুর শরণাপন্ন হয়েছেন। তাঁদের দিয়ে বিপদ কাটানোর জন্য যজ্ঞ করেছেন। গুরুরা তাঁর গোপন ডেরায় এসেও যজ্ঞ করেছেন। পুলিশও ফোন ট্র্যাক করে এক গুরুর সন্ধান পেয়ে তাঁকে জেরা করে সত্যতা যাচাই করেছে বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
এদিকে গুরুং ৩০ অক্টোবর প্রকাশ্যে আসার ঘোষণা দিলেও এখন নাকি গুরুরা বলছেন, তাঁর জন্য ৩১ অক্টোবর শুভ দিন। ওই দিন প্রকাশ্যে এলে পুলিশ নাকি তাঁর কিছু করতে পারবে না। তাই এখন বিমল গুরুং বাবাজি বা গুরুদের ওপর ভরসা করে আছেন, যদি ধর্মগুরুরা তাঁর ভাগ্য ফেরাতে পারেন।