ভাবলে এখনো শিউরে ওঠেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাই হামলা। রয়টার্স ফাইল ছবি।
মুম্বাই হামলা। রয়টার্স ফাইল ছবি।

ভয়াবহ সেই হামলার আজ নয় বছর। কিন্তু এখনো সেদিনের কথা মনে পড়লে শিউরে ওঠেন তাঁরা। ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলা থেকে প্রাণে বেঁচে গিয়েছিলেন দেবিকা রত্মনান। তখন তাঁর বয়স ছিল মাত্র ১০ বছর। ছত্রপতি শিবাজি টারমিনাসে পায়ে গুলি লেগেছিল তাঁর। বললেন, সেদিনের প্রতিটি মুহূর্ত মনে করতে পারেন তিনি।

এই ঘটনার বিচার চলাকালে আদালতে দেবিকা ছিলেন বয়সের দিক দিয়ে সবচেয়ে খুদে সাক্ষী। কিন্তু তিনিই গ্রেপ্তার বন্দুকধারী মোহাম্মদ আজমল আমির কাসাবকে শনাক্ত করেছিলেন। বলেছিলেন, কাসভ নির্বিচারে গুলি চালিয়েছিলেন।

দেবিকা এখন শিক্ষার্থী। সবার উদ্দেশে তিনি বলেছেন, সন্ত্রাসী বা জঙ্গিদের ভয়ে কারও বাসায় বসে থাকা উচিত নয়। জঙ্গিদের মুখোমুখি হতে হবে সবাইকে।

হামলা থেকে বেঁচে যাওয়া আরেকজন হলেন দিলীপ মেহতা। বললেন, ‘ওই দিন তাজ হোটেলে তিনি একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। রাত নয়টার দিকে হামলার খবর আসে। তাঁদের হোটেল ছেড়ে যেতে নিষেধ করা হয়। ১০ মিনিটের মধ্যে জানানো হয়, হোটেলে সন্ত্রাসী হামলা হয়েছে। আমাদের জানালার কাছে যেতে নিষেধ করা হয়। আমরা বিস্ফোরণের শব্দ শুনি। প্রার্থনা শুরু করি।’

ঘণ্টার পর ঘণ্টা হোটেলের ২২ তলায় আটকে ছিলেন দিলীপ মেহতা। প্রথমে তাঁকেই সেখান থেকে উদ্ধার করা হয়। কিন্তু কাজটি সহজ ছিল না। সে সময়ের মানসিক ধাক্কা কাটাতে ছয় মাস ধরে মনোবিদের কাছে চিকিৎসা নিতে হয় দিলীপকে। তবে এখন নিজের শহর মুম্বাইকে নিরাপদ ভাবেন দিলীপ মেহতা। ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসের শিকার হওয়া ব্যক্তিদের নিয়ে ইন্টারন্যাশনাল কংগ্রেসে ভারতের প্রতিনিধিত্ব করেন মেহতা। তিনি বলেন, সরকার শক্ত পদক্ষেপ নিয়েছে। এখন আর কেউ আমাদের ওপর হামলা চালাতে সাহস করবে না।

মুম্বাইয়ে হামলা থেকে বেঁচে যান ড. পি এন ভাসানি। হামলার দিন তাজ হোটেলে ছিলেন তিনি। জানালেন, মাঝেমধ্যেই ভয়ংকর সেই দিনের কথা মনে পড়ে তাঁর। কিন্তু তাঁর কাজ তাঁকে ব্যস্ত রাখে।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা হয়। এতে ১৬৬ জন নিহত হয়।