ভারত অস্ত্র কেনায় শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার অন্যতম দুটো দেশ হল ভারত ও চীন। এই মহাদেশের এই দুটো দেশের একটি অস্ত্র বিক্রিতে শীর্ষে তো অপর দেশটি অস্ত্র কেনায় শীর্ষে।

সম্প্রতি সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ত্র আমদানির শীর্ষ দেশ ভারত। ২০১০-১৪ সালে সারা বিশ্বে যত অস্ত্র আমদানি করা হয়েছে, তার ১৫ শতাংশই আমদানি করেছে ভারত। ওই প্রতিবেদনে আরও বলা হয় ২০০৫ থেকে ২০০৯, এই ৫ বছরে ভারত যত অস্ত্র কিনেছিল, তা পরের পাঁচ বছরে ১৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এসআইপিআরআই ওই প্রতিবেদনের বরাত দিয়ে আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারত মূলত অস্ত্র কেনাতেই বেশি জোর দিয়েছে। চীন অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরে তিন নম্বরে আছে। পাকিস্তান (৪১ শতাংশ), বাংলাদেশ (১৬ শতাংশ), মিয়ানমার (১২ শতাংশ) চীনের কাছ থেকে সব থেকে বেশি অস্ত্র কেনে। এ ছাড়াও আফ্রিকার ১৮টি দেশও চীনের কাছ থেকে অস্ত্র কেনে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত গত পাঁচ বছরে অস্ত্র কেনার জন্য এক লক্ষ ৩ হাজার ৫৩৬ কোটি রুপি খরচ করেছে। এর বেশির ভাগ অস্ত্রই ভারত কিনেছে রাশিয়া (৭০ শতাংশ), আমেরিকা (১২ শতাংশ) এবং ইসরায়েলের (৭ শতাংশ) কাছ থেকে।