ভারত এনএসজিতে ঢুকতে পারবে, বাদ পড়বে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন (এসিএ) বলেছে, আন্তর্জাতিক পরমাণু প্রযুক্তি সরবরাহ গোষ্ঠী বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের (এনএসজি) সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ভারতের আবেদন ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে। তবে পাকিস্তানের আবেদন বিবেচনায় নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে এই অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছিল, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর করেনি এমন দেশের এনএসজিতে সদস্য হওয়ার বিষয়ে গোষ্ঠীটির সাবেক চেয়ারম্যান রাফায়েল মারিয়ানো গ্রসি দুই পৃষ্ঠার একটি নথি তৈরি করেছেন। তাতে এনপিটিতে স্বাক্ষর না করা দেশগুলো কীভাবে এনএসজির সদস্য হতে পারবে এবং কী কী নিয়ম মেনে চলতে হবে, সে সম্পর্কে প্রস্তাবনা দেওয়া হয়েছে। এনএসজির বর্তমান চেয়ারম্যান সং ইয়ং-ওয়ানের পক্ষে গ্রসির তৈরি করা এ নথিটির আংশিক আনুষ্ঠানিক মর্যাদা রয়েছে।
নথিতে বলা হয়েছে, এনপিটি স্বাক্ষর করেনি কিন্তু এনএসজির সদস্য এমন রাষ্ট্র অন্য কোনো এনপিটি স্বাক্ষর না করা রাষ্ট্রের সদস্যপদের বিরোধিতা করতে পারবে না। মূলত ভারত যেন পাকিস্তানের সদস্যপদের বিষয়ে বাগড়া দিতে না পারে, সে জন্যই এমন নিয়মের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া আরও কিছু শর্তও শিথিল করার কথা বলা হয়েছে।
তবে আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন (এসিএ) সতর্ক করে দিয়ে বলেছে, এনএসজির সদস্যপদের শর্তাবলি শিথিল করলে তা পরমাণু অস্ত্রের বিস্তার রোধ কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করবে। এসিএর নির্বাহী পরিচালক ড্যারিল কিম্বাল বলেছেন, প্রস্তাবনায় থাকা শর্তাবলির বিরোধিতা করতে পারে পাকিস্তান। কারণ এতে করে ভারতের মতো সক্ষমতা অর্জনের পরই পাকিস্তানের আবেদন আমলে নেওয়া হবে।
বর্তমানে এনএসজির সদস্য হতে গেলে প্রথমে এনপিটি স্বাক্ষর করতে হয়। কিন্তু ইসরায়েল ও পাকিস্তানের মতো ভারতও এ চুক্তি স্বাক্ষর করেনি।