কাশ্মীর বাদ দিয়ে আলোচনা নয়, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজের এ মন্তব্যকে গুরুত্ব দিতে ভারত আদৌ রাজি নয়। রাশিয়ার উফায় দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর প্রচারিত যুগ্ম বিবৃতিই ভারতের কাছে গুরুত্বপূর্ণ। ভারত ও পাকিস্তান ওই যুগ্ম বিবৃতির সিদ্ধান্ত অনুযায়ীই এগোবে। নয়াদিল্লিতে সরকারি সূত্রে গতকাল মঙ্গলবার এ কথা বলা হয়েছে।
উফায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের বাইরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দ্বিপক্ষীয় আলোচনার পর দেশে ফিরে সারতাজ আজিজ বলেন, কাশ্মীরকে পাশে ঠেলে কোনো দ্বিপক্ষীয় আলোচনা হতে পারে না। তিনি আরও বলেন, মুম্বাই বিস্ফোরণের তদন্ত এগিয়ে নিয়ে যেতে গেলে ভারতকে আরও প্রমাণ দাখিল করতে হবে। সংবাদ সম্মেলনে সারতাজ আজিজের এই মন্তব্যের পর দ্বিপক্ষীয় বৈঠকের সাফল্য ও অগ্রগতি ঘিরে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতেই ভারতের এই প্রতিক্রিয়া।
নয়াদিল্লির সূত্রটি জানায়, সারতাজ আজিজ দেশে ফিরে যা বলেছেন, তা সে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মানসিকতাকে সন্তুষ্ট করতে বলা। যে দুটি বিষয়ের অবতারণা তিনি করেছেন, তা শীর্ষ নেতাদের যুগ্ম বিবৃতিতে নেই। পাকিস্তান ওই দুই বিষয়কে গুরুত্ব দিলে শীর্ষ বৈঠকেই তা বলত এবং যুগ্ম বিবৃতিতে তা রাখা হতো। কিন্তু তা হয়নি। কাজেই ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বাধ্যবাধকতায়’ তিনি দেশে ফিরে যা বলছেন তার চেয়ে ভারতের কাছে গুরুত্বপূর্ণ যুগ্ম বিবৃতির সিদ্ধান্তগুলো।
কর্মকর্তারা বলেছেন, দুই নেতার বৈঠকের পর যুগ্ম বিবৃতি প্রচারের প্রস্তাবটা ছিল নরেন্দ্র মোদিরই, যাতে বৈঠক নিয়ে ভিন্ন রকম ব্যাখ্যার অবকাশ না থাকে। দুই দেশের পররাষ্ট্রসচিবই এই বিবৃতি তৈরি করেন এবং যৌথভাবে সংবাদ সম্মেলনে তা প্রকাশ করেন। যুগ্ম বিবৃতিটিকে বৈঠকের ‘নিখুঁতভাবে বিবেচিত আন্তরিক সারাংশ’ আখ্যা দিয়ে সূত্রটি বলে, ইসলামাবাদ ও দিল্লি যৌথভাবে ওই বিবৃতিতে যা বলেছে সেটাই গুরুত্বপূর্ণ। দেশে ফিরে ওঁরা নিজস্ব রাজনৈতিক প্রেক্ষাপটের নিরিখে কী বলছেন তা ওঁদের ব্যাপার। ভারতের কাছে তার গুরুত্ব নেই।
যুগ্ম বিবৃতি অনুযায়ী, আগামী বছর ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদি যোগ দেবেন। ছয় বছর ধরে চলতে থাকা মুম্বাই হামলার দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হবে। সে জন্য ওই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত জাকিউর রহমান লাকভিসহ অন্য অভিযুক্তদের কণ্ঠস্বরের নমুনা পাকিস্তান দেবে। দুই দেশের জেলে আটক মৎস্যজীবীদের নৌকাসহ ১৫ দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে। নিয়ন্ত্রণরেখায় শান্তি রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর মিলিটারি অপারেশনের প্রধানদের (ডিজিএমও) বৈঠক ডাকা হবে। আগামী মাসে দিল্লিতে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হবে।
ইসলামাবাদে পাকিস্তান ও ভারতের সচিব পর্যায়ের আলোচনা শুরুর ঠিক আগে ভারত পিছিয়ে এসেছিল কাশ্মীরের হুরিয়াত নেতাদের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিত বৈঠক করেছিলেন বলে। উফার বৈঠকের আগেও সেই হুরিয়াত নেতাদের ইফতারে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা আবদুল বাসিতের ছিল। কিন্তু শীর্ষ বৈঠকের স্বার্থে পাকিস্তান তা বাতিল করে। তবে ২১ জুলাই ‘ঈদ মিলনে’ পাকিস্তানের হাইকমিশনার সেই হুরিয়াত নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। ইসলামাবাদে সারতাজ আজিজের মন্তব্য ও ‘ঈদ মিলনে’ হুরিয়াত নেতাদের আমন্ত্রণ দ্বিপক্ষীয় আলোচনায় ছায়া ফেলে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।