ভারত কখনো কোনো দেশকে আক্রমণ করেনি: মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের দুই বৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কথার যুদ্ধ চলছেই। দুই দেশের মধ্যে সাম্প্রতিকতম উত্তেজনার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ভারত কখনো কোনো দেশকে আক্রমণ করেনি। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, উত্তেজনা ও উসকানি কোনো দেশের জন্যই ভালো নয়। ভারতই যুদ্ধকে উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছে তারা।
নরেন্দ্র মোদি গতকাল রাজধানী নয়াদিল্লিতে অনাবাসী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত লোকজনের এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। এটি ছিল প্রবাসী ভারতীয় কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান। তিনি এ সময় বলেন, ভারত কখনো কারও ভূখণ্ড জবরদখল করেনি বা কোনো দেশে আক্রমণ চালায়নি। বরং অন্য দেশের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছে নিজেদের।
মোদি বলেন, ‘ভারত অন্যের জমির জন্য লালায়িত নয়। দুটি বিশ্বযুদ্ধে (যেখানে ভারত কোনো পক্ষে ছিল না) দেড় লাখ ভারতীয় সেনা তাঁদের জীবন দিয়েছেন।’
গত ১৮ সেপ্টেম্বর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাছাউনিতে সন্ত্রাসী হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হন। এরপর গত বৃহস্পতিবার পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের কথিত সাতটি সন্ত্রাসী আস্তানায় ভারত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সামরিক আঘাত হানার দাবি করে। পাকিস্তান নিজেদের নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় আঘাত হানার দাবি উড়িয়ে দিলেও দেশটির বিরুদ্ধে উসকানির মাধ্যমে এ অঞ্চলে অশান্তি সৃষ্টির অভিযোগ আনে। সপ্তাহজুড়ে দুদেশের মধ্যে এই উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী গতকাল কথাগুলো বললেন।
এদিকে পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় হামলার দাবিকে অসাড় প্রমাণ করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ডন পত্রিকায় গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বাহিনীর কথিত হামলার স্থানে ৪০ জন দেশি-বিদেশি সাংবাদিককে গত শনিবার নিয়ে যায় সেনাবাহিনী। সেখানে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া বলেন, ‘উত্তেজনা সৃষ্টি ও যুদ্ধের উন্মাদনা কারও জন্যই ভালো নয়। আমরা উত্তেজনা সৃষ্টি করতে চাই না। যুদ্ধ নিয়ে যত কথাবার্তা সব ভারতের পক্ষ থেকেই আসছে।’
পরে জেনারেল বাজওয়া বলেন, ‘কোথাও সার্জিক্যাল স্ট্রাইকের কোনো চিহ্ন নেই। তাই ভারতের দাবি অসাড়।’
ভারত এখন পর্যন্ত হামলার ভিডিওফুটেজ প্রকাশ না করায় পাকিস্তান যে প্রশ্ন তুলেছে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘অপেক্ষা করুন।’
এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার বলেছেন, পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে আটক ভারতীয় বাহিনীর সদস্যকে ফিরিয়ে আনার জন্য দিল্লি সামরিক পর্যায়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে। তবে ওই সেনাকে ফিরিয়ে আনতে কিছু সময় লাগতে পারে।
দুই দেশের উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সামরিক শাসক পারভেজ মোশাররফ বলেছেন, ভারত হুমকি-ধমকির ক্ষেত্রেই বেশি পটু। তবে পাকিস্তান যদি সত্যি সত্যিই প্রত্যুত্তর দেয়, তবে বাস্তব পরিস্থিতি অন্য রকম হয়ে যাবে। মোশাররফ তাঁর দল অল পাকিস্তান মুসলিম লিগের কর্মীদের উদ্দেশে গত শনিবার টেলিফোনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, ভারতের মনে রাখা উচিত পাকিস্তান ভুটান নয়। ভারতের স্বভাবই হলো তাদের দেশের মাটিতে কোনো হামলা হলে পাকিস্তানকে দায়ী করা।