ভারত-চীনের সৈন্যদের সংঘর্ষের ভিডিও প্রকাশ

স্বাধীনতা দিবস উদযাপনের দিনে গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের লাদাখের প্যাংগং লেক বরাবর সীমান্ত পেরিয়ে চীনা সৈন্যরা ভারতে ঢুকে পড়েছিল। এ নিয়ে ভারতীয় বাহিনী তাদের বাধা দিলে দুই পক্ষে প্রথমে হাতাহাতি পরে পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। সেদিনের সেই ঘটনা একটি ভিডিও প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। সেই ভিডিও রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ভারত এবং চীন-দু’পক্ষের পুলিশ ও সেনাকর্মীরা একে অপরের সঙ্গে হাতাহাতি, মারামারি করছে। একে অপরের দিকে ছুড়ে মারছেন পাথর। ওই দিন সীমান্তে ভারতের ২৪ জন পুলিশ সদস্য এবং প্রায় ৩৬ জন সেনা সদস্য ছিলেন। চীনা সেনা সদস্যদের সংখ্যাও একইরকমই ছিল।
ভারতীয় সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে ওই ভিডিও নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। মন্তব্য করা হয়নি চীনাদের পক্ষ থেকেও। তবে ভিডিওটির সত্যতা সম্পর্কে ভারত নিশ্চিত করেছে।
ভারত-চীন-ভুটান সীমান্তের ডোকলাম এলাকা চীনা সেনাদের রাস্তা তৈরিতে বাধা দেওয়া নিয়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, দুই মাস কেটে গেলেও তা এখনো অমীমাংসিত। চীন বলেছে, ভারত শর্তহীন সরে না গেলে কোনো আলোচনা নয়। ভারত বলেছে, সরতে হলে চীনা সৈন্যদেরও সরে যেতে হবে। দুই দেশের এই অনড় অবস্থান দুই মাস ধরে চলছে। তার মধ্যেই ঘটে গেল লাদাখের ঘটনা।
দুই দেশের এই সীমান্ত সমস্যা কীভাবে মিটবে, এখনো তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ভারতের প্রভাব থেকে প্রতিবেশীদের বের করতে চীন চেষ্টার ত্রুটি রাখছে না। ভুটানের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও চীন সম্পর্ক সহজ করার চেষ্টা চালাচ্ছে। নেপালে বিভিন্ন প্রকল্পে অর্থ সাহায্যের পরিমাণও বাড়িয়েই চলেছে। আগামী মাসে চীনে ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাওয়ার কথা। সেখানে সম্মেলনের বাইরে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হবে কি না, তা নিয়ে আপাতত জল্পনা চলছে। তথ্যসূত্র: এনডিটিভি।