ভারত ছাড়ার কথা বলিনি: আমির

দেশজোড়া বিতর্কের মুখে নিজের অবস্থান স্পষ্ট করলেন আমির খান। গতকাল বুধবার এক বিবৃতিতে এই বলিউড অভিনেতা বলেন, ‘আমি বা আমার স্ত্রী কিরণ কারোরই দেশ ছাড়ার কোনো ইচ্ছা নেই।’ তিনি বলেন, ‘দেশ ছাড়ার কথা একবারও বলিনি। আমার স্ত্রী কিরণও সে কথা বলেননি।’
এদিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গতকাল বিহারে আমিরের বিরুদ্ধে মুখ্য বিচারিক হাকিম সুষমা ত্রিবেদীর আদালতে মামলা করেন আইনজীবী সুধীর কুমার ওঝা। আদালত এ বিষয়ে আগামী ১ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন।
বিবৃতিতে আমির খান বলেন, ‘সাক্ষাৎকারে আমি যা বলেছিলাম, এখনো তা-ই বলব। যেসব লোক আমাকে ভারতবিরোধী বলছেন, তাঁদের উদ্দেশে আমি বলতে চাই, একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত। এ ব্যাপারে আমার কারও কাছ থেকে স্বীকৃতি পাওয়ার দরকার নেই।’
৫০ বছর বয়সী আমির খান গত সোমবার সাক্ষাৎকারে বলেন, ক্রমবর্ধমান অসহিষ্ণুতার ঘটনাগুলোয় তিনি আতঙ্কগ্রস্ত। তিনি বলেন, ‘নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিরণ (স্ত্রী) এতটাই উদ্বিগ্ন যে আমাকে একদিন জিজ্ঞেস করেছিল, আমাদের কি ভারত ছেড়ে চলে যাওয়া উচিত?’
আমির খানের এ মন্তব্যে ভারতে তুমুল বিতর্ক শুরু হয়। বিতর্ক শুরু হয় বলিউডের ভেতরেও। আমিরের পাশে দাঁড়ানোর ইঙ্গিত কেউ কেউ দিলেও, আক্রমণই সহ্য করতে হয় বেশি। ওই মন্তব্যের ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই আমির খান বললেন, ‘যাঁরা আমার মন্তব্যের উল্টো মানে করছেন, তাঁরা হয় আমার সাক্ষাৎকার দেখেননি, না হলে ইচ্ছাকৃত আমার বক্তব্যকে বিকৃত করছেন।’ তিনি বলেন, ‘আমার বা আমার স্ত্রী কিরণের দেশ ছাড়ার কোনো ইচ্ছা নেই। কখনো তেমন ভাবনা মনে আসেনি। ভবিষ্যতেও আসবে না।’
আমির খান বলেন, ‘ভারত আমার দেশ, আমি একে ভালোবাসি, এ দেশে জন্মে আমি নিজেকে ভাগ্যবান মনে করি, এবং এখানেই আমি থাকব।’ আমির খান আরও জানান, অকারণে তাঁকে যে পরিমাণ আক্রমণের শিকার হতে হলো, তাতে তিনি খুবই দুঃখ পেয়েছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে বিবৃতি শেষ করেন আমির খান।
মুখ খুললেন এ আর রাহমানও: ভারতের ক্রমবর্ধমান ধর্মীয় ও সামাজিক অসহিষ্ণুতার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রাহমানও। তিনি বলেছেন, তাঁকেও বলিউডের অভিনেতা আমির খানের মতো পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।
খ্যাতনামা সংগীত পরিচালক এ আর রাহমান বলেছেন, ‘যেকোনো বিদ্রোহ হওয়া উচিত ধ্রুপদি। আমি মনে করি, লোকজন একে অপরকে আঘাত করার বদলে যা করছে (অসহিষ্ণুতা নিয়ে বিতর্ক) তা খুবই কাব্যিক। মনে রাখতে হবে, আমরা মহাত্মা গান্ধীর দেশের মানুষ।’
কিছুদিন আগে মুহাম্মদ: দ্য মেসেঞ্জার অব গড চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করা নিয়ে উগ্রপন্থীদের তোপের মুখে পড়েন এ আর রাহমান। এ আর রাহমান বলেন, ‘আমিও এ ধরনের অবস্থার মুখোমুখি হয়েছি। তখন আমি বলেছিলাম, কোনো ধরনের সহিংস প্রতিক্রিয়া কাম্য নয়। আমরা তো খুবই সুসভ্য সংস্কৃতির অধিকারী। কিন্তু খুবই বিশৃঙ্খল প্রতিবাদ হচ্ছে। বিশ্বকে দেখানো উচিত যে আমরা সবচেয়ে সভ্য সংস্কৃতিগুলোর একটি।’
সূত্র: আইএএনএস, এনডিটিভি