ভারত শাসিত কাশ্মীরের একটি সেনাঘাঁটিতে গতকাল বুধবার হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। পরে জঙ্গিদের সঙ্গে সেনা কমান্ডোদের পাঁচ-ছয় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। এতে তিন জঙ্গি ও এক বেসামরিক লোকের মৃত্যু হয়। খবর এনডিটিভি ও রয়টার্সের।
রাজধানী শ্রীনগর থেকে ১৫০ কিলোমিটার দূরের তাংধারে সেনা ব্যাটালিয়নের সদর দপ্তরে জঙ্গি হামলার ঘটনাটি ঘটে। ভারতীয় সামরিক সূত্র জানায়, গতকাল সকাল সোয়া ছয়টার দিকে পেছন দিকের নিরাপত্তাবেষ্টনী কেটে ভেতরে প্রবেশ করে তিন জঙ্গি। পরে তারা হালকা আগ্নেয়াস্ত্র ও রকেট লঞ্চার দিয়ে হামলা চালায়। সেনা সদস্যরা জঙ্গিদের ঠেকাতে চেষ্টা করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। কয়েক ঘণ্টাব্যাপী গোলাগুলিতে এক সেনা আহত হন। এ ছাড়া সেনা ব্যারাক ও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
হামলার সময় ওই ঘাঁটিতে প্রায় ৮০ জন সেনা সদস্য ছিলেন। নিহত বেসামরিক ব্যক্তি সেনাঘাঁটিতে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা বলেন, এটিকে সুপরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে।
কাশ্মীরের ওই অঞ্চলে দুই সপ্তাহ ধরে সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। গত সপ্তাহে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক কর্নেল নিহত হন।
এর আগে গত জুলাইয়ে পাকিস্তান সীমান্তবর্তী পাঞ্জাব রাজ্যের এক থানায় সামরিক পোশাক পরে হামলা করেছিল জঙ্গিরা।