ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলা, নিহত ১
ভারতশাসিত কাশ্মীরে সেনাবাহিনীর একটি ক্যাম্পে বন্দুকধারীদের হামলায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি অবস্থিত ওই ক্যাম্পে আজ বুধবার তিনজন বন্দুকধারী হামলা চালালে এ ঘটনা ঘটে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
সেনাবাহিনীর একজন কর্মকর্তা বিবিসিকে জানান, বন্দুকধারীদের সঙ্গে ক্যাম্পের সেনাসদস্যদের বন্দুকযুদ্ধের একপর্যায়ে ওই সেনাসদস্য নিহত হন। বার্তা সংস্থা রয়টার্স ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, তিনজন বন্দুকধারী এলওসির অদূরে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ট্যাংডা ক্যাম্পের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করে। ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সংবাদে বলা হয়েছে, ক্যাম্পের সেনাসদস্যরা বন্দুকধারীদের ঠেকানোর চেষ্টা করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। বেশ কিছু সময় ধরে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলে। তবে বন্দুকধারীদের ভাগ্যে কী ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
গত সপ্তাহেও একই এলাকায় জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল নিহত হন। গুরুতর আহত হন অন্য দুজন সেনা সদস্য। সীমান্তে এ ধরনের হামলার জন্য ভারত বরাবরই পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিদের দায়ী করে আসছে। তবে পাকিস্তান এমন অভিযোগ অস্বীকার করে।