ভারত-পাক সম্পর্কে হুরিয়াত কাঁটা
ভারতের আপত্তিকে আমল না দিয়ে পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত গতকাল মঙ্গলবারও কাশ্মীরের হুরিয়াত নেতাদের সঙ্গে দেখা করলেন। গত সোমবার এ কারণেই ক্ষুব্ধ হয়ে ভারত দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা বাতিল করে দেয়। ২৫ আগস্ট ইসলামাবাদে এ বৈঠক হওয়ার কথা ছিল।
ভারতের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে পাকিস্তান। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় এটা একটা ধাক্কা। প্রতিবার দ্বিপক্ষীয় আলোচনার আগে পাকিস্তান কাশ্মীরি নেতাদের সঙ্গে কথা বলে আসছে। এটা প্রায় পরম্পরা হয়ে গেছে। এটা করা হয় কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনা যাতে অর্থবহ হয়ে উঠতে পারে সে জন্যই।
সোমবার বিকেলে পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিতের সঙ্গে দেখা করেন নরমপন্থী হুরিয়াত নেতা সাব্বির শাহ। তার আগে পররাষ্ট্রসচিব সুজাতা সিং বাসিতকে ডেকে পাঠিয়ে ভারতের আপত্তির কথা জানান। তিনি বলেন, ভারতের গণতান্ত্রিক সরকার, না কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা—কাদের সঙ্গে পাকিস্তান কথা বলতে চায়, তা তাদের ঠিক করতে হবে। হাইকমিশনারকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়, হুরিয়াত নেতাদের সঙ্গে কথা বলা যাবে না। কিন্তু তা সত্ত্বেও সাব্বির শাহর সঙ্গে বৈঠক করেন আবদুল বাসিত। সঙ্গে সঙ্গেই পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব পর্যায়ের বৈঠক বাতিলের কথা ঘোষণা করে।
গতকাল বাসিত বৈঠক করেন কট্টরপন্থী হুরিয়াত নেতা সৈয়দ আলী শাহ গিলানি, মীরওয়াইজ ওমর ফারুক এবং নরমপন্থী ইয়াসিন মালিক ও সাজ্জাদ লোনের সঙ্গে। গিলানি জানান, এই প্রথম তাঁরা পাকিস্তানের হাইকমিশনে কথা বলতে এলেন, তা নয়। আগেও এসেছেন। তাঁর মতে, ভারতের সিদ্ধান্ত ‘ছেলেমানুষি ছাড়া আর কিছু নয়’। নয়াদিল্লির চাণক্যপুরীতে পাক হাইকমিশনের সামনে মঙ্গলবার কিছু লোক বিক্ষোভ দেখান। পুলিশ তাঁদের আটক করে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে। তারা বলেছে, বন্ধ আলোচনা দ্রুত শুরু হওয়া দরকার। জম্মু-কাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্স মোদি সরকারের সিদ্ধান্তকে ‘বিস্ময়জনক’ আখ্যায়িত করেছে। রাজ্যের প্রধান বিরোধী দল পিডিপি বলেছে, এটা একটা নেতিবাচক ঘটনা। কংগ্রেসও সরকারের সমালোচনা করে বলেছে, এতই যদি আপত্তি, তা হলে হুরিয়াত নেতাদের দেখা করতে দেওয়া হলো কেন?
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে পাকিস্তান দিল্লিতে কথা বলেছে, পাকিস্তানেও বলেছে। ভারত অতীতে হুরিয়াত নেতাদের পাকিস্তানে যাওয়ার অনুমতিও দিয়েছে। এবার তা হলে কেন এমন প্রতিক্রিয়া? নতুন প্রধানমন্ত্রীর কঠিন-কঠোর ভাবমূর্তি প্রতিষ্ঠা? বিশেষত বিজেপি যখন এই প্রথম জম্মু-কাশ্মীরে সরকার গঠনের স্বপ্ন দেখছে? রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তের ব্যাখ্যা খোঁজা অব্যাহত আছে।