ভারত-পাকিস্তান আলোচনা শেষ পর্যন্ত ভেস্তেই গেল
শুরুর আগেই ভেস্তে গেল ভারত ও পাকিস্তানের দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রস্তাবিত বৈঠক। বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ তুলতে এবং এর আগে সেখানকার হুরিয়াত নেতাদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু ভারত সাফ জানিয়ে দেয়, এই দুটির কোনোটিই তারা মেনে নেবে না। এই অবস্থায় গতকাল শনিবার রাতে পাকিস্তানও বলে দেয়, তাহলে দুই নিরাপত্তা উপদেষ্টার সোমবারের বৈঠক হচ্ছে না।
বৈঠক বাতিল করার ঘোষণা দিয়ে গত রাতে পাকিস্তান সরকার একটি বিবৃতি দেয়। এতে বলা হয়, ‘আজ (গতকাল) সংবাদ সম্মেলন করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যে কথা বলেছেন, তা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হয়েছে। সুষমা যে দুটি শর্ত দিয়েছেন, তা মেনে নিলে নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক থেকে কোনো ফল আসবে না বলে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি।’
পাকিস্তানের এই সিদ্ধান্ত ‘খুবই দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছেন, ‘ভারতের দিক থেকে কোনো শর্ত দেওয়া হয়নি।’
এভাবেই ভেস্তে গেল দুই প্রতিবেশীর এক বছর ধরে বন্ধ থাকা দ্বিপক্ষীয় আলোচনার উদ্যোগ। পাকিস্তান চেয়েছিল সোমবারের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ তুলতে। এর প্রস্তুতি হিসেবে আজ রোববার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী হুরিয়াত নেতাদের সঙ্গে আলোচনা সেরে ফেলার ইচ্ছে ছিল তাদের। এ জন্য দিন কয়েক আগেই পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত হুরিয়াত নেতাদের আমন্ত্রণ জানান। কিন্তু কাশ্মীর ও হুরিয়াত নেতাদের নিয়ে আপত্তি তোলে ভারত। ভারতের এই আপত্তি প্রসঙ্গে গতকাল পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ ইসলামাবাদে সংবাদ সম্মেলন করে বলেন, নয়াদিল্লি যেতে তিনি আগ্রহী, তবে ভারতের দিক থেকে চাপানো শর্ত মানা তাঁদের পক্ষে সম্ভব নয়।
সারতাজের জবাব দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, যে দুই বিষয়ের উত্থাপন তিনি করছেন, তা শর্ত নয়। দুটি বিষয়ই উভয় দেশের দ্বারা স্বীকৃত। সুষমা বলেন, সিমলা চুক্তিতেই দুই দেশ স্বীকার করেছিল, কাশ্মীর নিয়ে আলোচনায় তৃতীয় কোনো পক্ষের উপস্থিতি থাকবে না। অতএব হুরিয়াত নেতাদের সঙ্গে কোনো বৈঠক নয়। দ্বিতীয়ত, এই বৈঠকটি হচ্ছে রাশিয়ার উফায় দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠকের পরিপ্রেক্ষিতে। সেখানেই ঠিক হয়েছিল, এই বৈঠকে সন্ত্রাস-সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়েই আলোচনা হবে। অথচ এখন উফার প্রস্তাব থেকে সরে এসে পাকিস্তান কাশ্মীর ও সার্বিক বিষয় নিয়ে আলোচনার জেদ ধরেছে।
কেন এই জেদ—সুষমা তার ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, উফার ঘোষণায় কাশ্মীরের নাম পর্যন্ত উচ্চারিত হয়নি। ফলে দেশে ফিরে প্রধানমন্ত্রীকে সমালোচনার মুখে পড়তে হয়। সেই পরিস্থিতি থেকে বাঁচতেই এখন কাশ্মীর নিয়ে আলোচনার গোঁ। সুষমাকে প্রশ্ন করা হয়, হুরিয়াত ও কাশ্মীর প্রসঙ্গ মেনে নিতে পাকিস্তান যদি রাজি না হয়? সুষমার উত্তর, তাহলে আলোচনাও হবে না। তাঁর স্পষ্ট বক্তব্য, সন্ত্রাস নিয়ে আলোচনা এবং এই বিষয়ের সুরাহার পরেই কাশ্মীর নিয়ে কথা। এই দুই বিষয় মেনে আলোচনায় আগ্রহী কি না, তা শনিবারের মধ্যেই পাকিস্তানকে জানাতে বলে দেন সুষমা।
সুষমার দেওয়া সেই সময়সীমা শেষ হওয়ার আগেই পাকিস্তান জানিয়ে দেয়, শর্ত দুটি মানা তাদের পক্ষে সম্ভব নয়। কাজেই নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকও হচ্ছে না।